শেরপুরে জমি নিয়ে বিরোধে ভাইয়ের দায়ের কোপে ভাই নিহত
শেরপুরের শ্রীবরদীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. আশরাফুল ইসলাম ওরফে দুলাল (৫০)। তিনি উপজেলার রাণীশিমুল ইউনিয়নের রাণীশিমুল হিন্দুপাড়া গ্রামের মৃত আবদুস ছালামের ছেলে। আশরাফুল ঢাকার একটি তৈরি পোশাক কারখানার কর্মী ছিলেন।
আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার রাণীশিমুল হিন্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নিহত আশরাফুলের দুই ভাইকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পৈতৃক সূত্রে পাওয়া জমি নিয়ে আমিনুল ইসলামের সঙ্গে ছোট ভাই আশরাফুল ইসলামের বিরোধ চলছিল। আজ বেলা ১১টার দিকে আশরাফুল বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণ করতে যান। এ সময় তাঁর বড় ভাই আমিনুল বাধা দেন এবং দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে বড় ভাই আমিনুল ছোট ভাই আশরাফুলকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে আশরাফুল গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন আশরাফুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক মো. আবদুস সোবহান আল সাঈদ।
এ ঘটনার পরপরই এলাকাবাসী নিহত ব্যক্তির বড় ভাই আমিনুল ইসলামকে আটক করে শ্রীবরদী থানা–পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে আমিনুল ও ছোট ভাই লিটন মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।
শ্রীবরদী থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাশিম আজ বিকেলে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত আশরাফুল ইসলামের দুই ভাই আমিনুল ইসলাম ও লিটন মিয়াকে আটক করা হয়েছে।