শেরপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ছেলে নিহত, মা আহত
বগুড়ার শেরপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের এক আরোহী নিহত হয়েছেন। শেরপুর উপজেলার মির্জাপুরের ঢাকা-বগুড়া মহাসড়কে রানীরহাট মোড়ে আজ শুক্রবার সকাল সাড়ে সাতটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম তৌফিক উল্লাহ (৩২)। তিনি পাবনার সাথিয়া উপজেলার সরিষা গ্রামের সানাউল্লাহ ছেলে। একই ঘটনায় তৌফিকের মা নাজমা বেগম (৫৬) আহত হন।
শেরপুর উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনার পরপরই হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন। নাজমা বেগমকে চিকিৎসার জন্য নেওয়া হয় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা রতন হোসেন বলেন, নিহত তৌফিক উল্লাহ মাইক্রোবাসের চালকের আসনের বাঁ পাশে বসে ছিলেন। ট্রাকের সঙ্গে সংঘর্ষে তিনি মাইক্রোবাসের ভেতর চাপা পড়েন। তিনি গাড়ির ভেতরেই মারা যান।
শেরপুরের হাইওয়ে পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) আল হাসান বলেন, মাইক্রোবাস ও পণ্যবাহী ট্রাকটি যাচ্ছিল ঢাকার দিকে। মাইক্রোবাসের চালক ট্রাকের পাশ দিয়ে যাওয়ার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসের চালক পালিয়ে যান। আর ট্রাকটি নিয়ে এর চালক দ্রুত ঢাকার দিকে চলে যান।
শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ এ কে এম বানিউল আনাম নিহত ব্যক্তি কোনো পেশার সঙ্গে জড়িত আছেন কি না, তা নিশ্চিত করতে পারেননি। তিনি বলেন, নিহত ব্যক্তির পরিবারের কাছে লাশ হস্তান্তরের পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।