শেরপুরে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রাকের চাপায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান
ছবি: প্রথম আলো

শেরপুরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের শেরপুর পৌরসভার নওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. আবদুল করিম (৩২)। তিনি শেরপুর জেলা শহরের গৌরীপুর এলাকার চান মিয়ার ছেলে। করিম পেশায় কলা ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক সদর উপজেলার কুমরিকাটাজান গ্রামের হাদিউল ইসলাম (৫৫), নকলা উপজেলার পিপড়িকান্দি গ্রামের রুবেল মিয়া (২৮) ও ঢাকার নবাবগঞ্জ উপজেলার আলহাদিপুর গ্রামের শরিফুল ইসলাম (৩২)। তাঁরা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সদর উপজেলার বাজিতখিলা বাজার থেকে কয়েক যাত্রী নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা শেরপুর শহরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি নওহাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে আবদুল করিম ঘটনাস্থলেই মারা যান। এ সময় অটোরিকশাচালকসহ তিনজন গুরুতর আহত হন।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আহত তিনজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠান। পরে রাতেই তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুনসুর আহাম্মদ আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, এ ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে গতকাল দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছেন।