শেরপুরে নছিমনের ধাক্কায় কিশোর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে নছিমনের ধাক্কায় ইমরান হোসেন (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা দেড়টায় ঢাকা–বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত ইমরান হোসেন শেরপুরের খামারকান্দি ইউনিয়নের শুভগাছা খন্দকারপাড়া গ্রামের রুবেল হোসেনের ছেলে। আজ রাত সাড়ে সাতটায় সে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

স্থানীয় তিনজন বলেন, আজ বেলা দেড়টায় ইমরান হোসেন শেরপুর শহরের খেজুরতলা এলাকা দিয়ে ঢাকা–বগুড়া মহাসড়ক পার হচ্ছিল। এ সময় একটি নছিমন তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। এরপর স্থানীয়রা ইমরানকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

শেরপুর হাইওয়ে পুলিশের উপসহকারী (এএসআই) আবুল হোসেন বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে নছিমনসহ চালককে আটক করে। নছিমনচালক ফারুক হোসেন এখন পুলিশি হেফাজতে রয়েছে। তার বাড়ি উপজেলার খানপুর ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ এ কে এম বানিউল আনাম বলেন, নিহতের পরিবারের কাছে ওই কিশোরের লাশ হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। ওই নছিমনচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।