শেরপুরে পুলিশ ও বিজিবির ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
শেরপুরের শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার সদস্য আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। উপজেলা পরিষদের গোপনীয় সহকারী (সিএ) মো. কামরুজ্জামান বাদী হয়ে ২১ জনকে আসামি করে গতকাল বুধবার রাতে শ্রীবরদী থানায় মামলাটি করেন। ওই রাতেই পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার দুজন হলেন উপজেলার বলিদাপাড়া গ্রামের আব্দুর রেজ্জাকের ছেলে মিজানুর রহমান (৩০) ও বারারচর গ্রামের জালাল মিয়ার ছেলে শহীদ মিয়া (৪০)। মিজানুর এজাহারভুক্ত আসামি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মারধরে আহত ব্যবসায়ী লিটন মিয়ার ছোট ভাই। গতকাল বুধবার রাতে পুলিশ তাঁদের বাড়ি থেকে গ্রেপ্তার করে।
এ সম্পর্কে আজ বৃহস্পতিবার দুপুরে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, মামলায় আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান, সরকারি কর্মকর্তাদের ওপর হামলা করে আহত করা, সরকারি বিধিনিষেধ অমান্য করে জমায়েতসহ করোনার সংক্রমণ বিস্তারের অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে গতকালের ওই ঘটনার পর উপজেলার ঝগড়ারচর বাজার ও আশপাশের এলাকার বাসিন্দারা গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন। ঝগড়ারচর বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আলমাছ আলী আজ দুপুরে বলেন, আতঙ্কে বাজারের প্রায় সব দোকানপাটই বন্ধ রয়েছে। এমনকি হোটেল-রেস্তোরাঁ ও ওষুধের দোকানও বন্ধ।
গতকাল দুপুরে করোনা প্রতিরোধে চলমান বিধিনিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসনের সহকারী কমিশনার আল আমিন ও সানাউল মোর্শেদের নেতৃত্বে শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বাজারের কাপড় ব্যবসায়ী লিটন মিয়ার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে বিজিবির এক সদস্য লিটনকে মারধর করেন। এতে তিনি আহত হন। এর জের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এলাকাবাসী। এতে পুলিশ ও বিজিবির চার সদস্য আহত হন।