বগুড়ার শেরপুরে বাসের চাপায় শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে বাসের চাপায় রহমত উল্লাহ (১২) নামের এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে মহাসড়কের উপজেলার মহিপুর জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রহমত উল্লাহ উপজেলার মহিপুর বুড়িতলা এলাকার মো. রানা মিয়ার সন্তান।

দুজন প্রত্যক্ষদর্শী জানান, মহাসড়কে বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন ছিল। বাড়ির পাশে গাড়ির লাইন দেখে রহমত উল্লাহ মহাসড়কের দিকে এগিয়ে আসে। এ সময় তালুকদার পরিবহনের একটি বাস শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আল হাসান বলেন, বাসটি ঈদে ঘরমুখী যাত্রীদের নিয়ে বগুড়ায় যাচ্ছিল। দুর্ঘটনাস্থলে বাসটির সামনের চাকার পাতি ভেঙে খুলে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ওই শিশুকে চাপা দেন। দুর্ঘটনায় পরেই চালক মহাসড়কে গাড়ি ফেলে পালিয়ে যান। বাসটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ এ কে এম বানিউল আনাম বলেন, দুর্ঘটনার পর নিহত শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।