শেরপুরে ব্যালট ‘গড়বড়’ করার অভিযোগ কাউন্সিলর প্রার্থীর
বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনের দুই দিন পর একটি ভোটকেন্দ্রের জানালার বাইরে সিল মারা ব্যালট পাওয়া গেছে। গতকাল সোমবার সন্ধ্যায় পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘উটপাখি’ প্রতীকের এই সিল মারা ব্যালট দেখতে পান স্থানীয় লোকজন। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিদ্যুৎ কুণ্ডু উঠপাখি প্রতীক নিয়ে নির্বাচন করেছেন।
পরাজিত কাউন্সিলর প্রার্থী বিদ্যুৎ কুণ্ডু ভোট গ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন।
গতকাল সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিদ্যুৎ কুণ্ডু অভিযোগ করেন, তাঁর কেন্দ্রে ভোট গ্রহণের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তির অনৈতিক কর্মকাণ্ডের কারণেই তাঁর পক্ষের ভোটারদের সিল মারা বৈধ ব্যালট জানালার বাইরে পড়ে ছিল। পড়ে থাকা ব্যালটের মধ্যে একাধিক পুড়িয়ে ফেলা ব্যালটও রয়েছে। সেখানে ৯টি ব্যালট পাওয়া গেছে। বিদ্যুৎ কুণ্ডু আরও অভিযোগ করেন, তাঁর কেন্দ্রে ভোট দিয়েছেন ১ হাজার ৬৫৩ জন। কিন্তু ভোট গণনার সময় পাওয়া যায় ১ হাজার ৬৭৩টি ব্যালট। তাঁর ওয়ার্ডে ভোটারদের ভোট প্রদানের চেয়ে অতিরিক্ত ব্যালট পড়েছে।
গত শনিবার শেরপুর পৌরসভার নির্বাচন হয়। নির্বাচনে এই ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন ‘পানির বোতল’ প্রতীক নিয়ে সৌমেন্দ্রনাথ ঠাকুর।
অভিযোগের বিষয়ে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আছিয়া খাতুন মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ৮ নম্বর ওয়ার্ডে যে বাড়তি ব্যালট পাওয়া গিয়েছিল, এর সংখ্যা ছিল ২০। এ নিয়ে অনুসন্ধানে জানা গেছে, কোনো ভোটার অন্য কোনো ওয়ার্ডের উটপাখি প্রতীকের ব্যালট এই ৮ নম্বর ওয়ার্ডে ভোট দিতে এসে ব্যালট বাক্সে ঢুকিয়ে দিয়েছিলেন। তিনি বলেন, পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জানালার পাশে উটপাখি প্রতীকে সিল মারা ব্যালট যে পাওয়া গেছে, তা কেউ ফেলে রাখতে পারে। জানালার পাশে এই ব্যালট পড়ে থাকা নিয়ে নির্বাচনে ভোট গ্রহণে সংশ্লিষ্ট কেউ সম্পৃক্ত নেই।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন বলেন, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিদ্যুৎ কুণ্ডু উটপাখি প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪৬০ ভোট। এই ওয়ার্ডের নির্বাচিত সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর সৌমেন্দ্রনাথ ঠাকুর পেয়েছেন ৪৮৫ ভোট। তিনিই বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।