শেরপুরে ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’ ভাস্কর্যের ভিত্তিপ্রস্তর স্থাপন
শেরপুরে ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’ ভাস্কর্যের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ ও শেরপুর-১ (সদর) আসনের সাংসদ মো. আতিউর রহমান প্রধান অতিথি হিসেবে আজ শুক্রবার দুপুরে শহরের রঘুনাথ বাজার থানা মোড় এলাকার বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে ভাস্কর্যটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নামফলক উন্মোচন করেন। শেরপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর এই ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে।
অনুষ্ঠানে হুইপ আতিউর রহমান বলেন, বঙ্গবন্ধু, বাংলাদেশ ও দেশের স্বাধীনতা—একই সূত্রে গাঁথা। বিজয়ের ৪৯ বছর পর একাত্তরের পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে নিয়ে আবার ষড়যন্ত্র শুরু করেছে। তারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা করেছে ও বঙ্গবন্ধুর ভাস্কর্য করতে দেবে না বলে ধৃষ্টতা দেখাচ্ছে। তাদের যেকোনো মূল্যে প্রতিহত ও প্রতিরোধ করতে হবে।
শেরপুর শহরের রঘুনাথ বাজার থানা মোড় এলাকার বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে ভাস্কর্যটি স্থাপন করা হচ্ছে। ভাস্কর্যটি নির্মাণ করছে শেরপুর জেলা আওয়ামী লীগ।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান, বশিরুল ইসলাম, দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, শহর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা বিএমএ সভাপতি এম এ বারেক, সদর থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, জেলা জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী নাসরিন রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।