শেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবি সদস্য নিহত
শেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. ইউসুফ জামিল (২৬) নামের এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে শেরপুর-চন্দ্রকোনা সড়কের সদর উপজেলার আমতলী সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ বিজিবি ময়মনসিংহ সদর দপ্তরে সিপাহি পদে কর্মরত ছিলেন। তিনি সদর উপজেলার রৌহা ইউনিয়নের হালগড়া চকবড়ইগাছি গ্রামের খলিলুর রহমানের ছেলে।
মোটরসাইকেলটি শেরপুর-চন্দ্রকোনা সড়কের আমতলী সেতুর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে গেলে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিজিবি সদস্য ইউসুফ জামিল কয়েক দিনের ছুটি নিয়ে গত রোববার হালগড়া চকবড়ইগাছি গ্রামের বাড়িতে আসেন। পারিবারিক কাজে ও প্রয়োজনীয় কেনাকাটা করতে আজ সকালে মোটরসাইকেলে করে শেরপুরে শহরে আসেন তিনি। কাজ শেষে দুপুর ১২টার দিকে তিনি মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় তাঁর মোটরসাইকেলটি শেরপুর-চন্দ্রকোনা সড়কের আমতলী সেতুর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে গেলে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান। ঘটনাস্থলেই মারা যান তিনি। সংবাদ পেয়ে সদর থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. বন্দে আলী মিয়া বিকেলে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নিহত ইউসুফের বাবা খলিলুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেছেন। জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।