শেরপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ড
প্রতীকী ছবি

শেরপুরের শ্রীবরদী উপজেলায় যৌতুকের জন্য শ্বাস রোধ করে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যাক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফুরকান আলী (৩৬) উপজেলার কেল্লাকান্দি গ্রামের বাসিন্দা। আজ মঙ্গলবার দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার আরও চার আসামিকে খালাস দেন আদালত। রায় ঘোষণার সময় আসামি ফুরকান আলী আদালতে অনুপস্থিত ছিলেন। আসামি পলাতক থাকায় গ্রেপ্তারের পর ওই সাজা কার্যকর হবে বলে আদালত নির্দেশ দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৫ সালে শ্রীবরদী উপজেলার বড় গেড়ামারা গ্রামের আবদুল জব্বারের মেয়ে জহুরা বেগমের (২৩) সঙ্গে একই উপজেলার কেল্লাকান্দি গ্রামের ফুরকান আলীর বিয়ে হয়। ওই দম্পতির ঘরে একটি ছেলেসন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকে স্বামী ফুরকান আলী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের টাকার জন্য বিভিন্ন সময়ে জহুরা বেগমকে চাপ দিতেন ও শারীরিকভাবে নির্যাতন করতেন। তবে জহুরার গরিব বাবার পক্ষে যৌতুকের টাকা দেওয়া সম্ভব হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে ২০১১ সালের ১ জুলাই দিবাগত রাতে কেল্লাকান্দি গ্রামের বাড়িতে স্বামী ফুরকান আলী শ্বাস রোধ করে স্ত্রী জহুরা বেগমকে হত্যা করেন এবং লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন। ঘটনার পরপরই স্বামী ফুরকান ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যান।

এ ঘটনায় ২০১১ সালের ৩ জুলাই জহুরা বেগমের ভাই ফজলুল হক বাদী হয়ে ফুরকান আলীকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীবরদী থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে থানার তৎকালীন উপপরিদর্শক জাকির হোসেন একই বছরের ২০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ শেষে আদালত আজ এ রায় দেন।