শেরপুরে রাষ্ট্র ও সরকারবিরোধী পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ১৮
শেরপুরে রাষ্ট্র ও সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় শহরের নারায়ণপুর এলাকা থেকে আটক করে আজ মঙ্গলবার সকালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান মাহমুদের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শেরপুরের ধলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আতর আলী, বাংলাদেশ পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের শেরপুর জেলা শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম।
পুলিশ জানায়, জামায়াত-শিবিরের নেতা-কর্মীসহ একটি সংঘবদ্ধ দল রাষ্ট্র ও সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার জন্য গোপন বৈঠক করছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল সন্ধ্যায় শহরের একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালায়। এ সময় হাসপাতালের ৯ নম্বর কক্ষে বৈঠক করা অবস্থায় পুলিশ ১৮ জনকে আটক করে। বৈঠকের স্থান থেকে পুলিশ একটি ব্যানার, একটি খাতাসহ ২৪টি মুঠোফোন জব্দ করে। পরে তাঁদের সদর থানা–হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. বন্দে আলী মিয়া প্রথম আলোকে বলেন, এ ঘটনায় শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. ফজলুল হক বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে রাষ্ট্র ও সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগ রয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৩ থেকে ৪ জন জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁদের কর্মকাণ্ডের ব্যাপারে পুলিশ খতিয়ে দেখছে।
পুলিশি হেফাজতে রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁরা বাংলাদেশ পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সাংগঠনিক বিষয় নিয়ে একটি বৈঠক করছিলেন। ওই বৈঠকে রাষ্ট্র বা সরকারবিরোধী কর্মকাণ্ড নিয়ে আলোচনা বা পরিকল্পনা করার প্রশ্নই ওঠে না।