শেরপুরে সরকারিভাবে বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার শঙ্কা

খেত থেকে ধান কেটে বাড়ি নিয়ে যাচ্ছেন কৃষক। সম্প্রতি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ইছবপুর এলাকায়।ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যে উদ্বৃত্ত শেরপুর জেলায় চলতি বোরো মৌসুমে সরকারি গুদামে বোরো চাল ও ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। জেলায় বোরো মৌসুমে পাঁচ শতাধিক চালকলমালিক বোরো চাল সরবরাহ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। আর ধান দেওয়ার জন্য ৮ হাজার ৫৯৮ জন কৃষক তালিকাভুক্ত হয়েছেন। কিন্তু সংগ্রহের সময়সীমা প্রায় শেষ হয়ে এলেও এ পর্যন্ত বোরো চাল লক্ষ্যমাত্রার অর্ধেকের সামান্য বেশি আর বোরো ধান লক্ষ্যমাত্রার অর্ধেকের অনেক কম সংগ্রহ করা হয়েছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, চলতি বোরো মৌসুমে শেরপুরের সদর, নালিতাবাড়ী, নকলা, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা থেকে ২৫ হাজার ৬২ মেট্রিক টন চাল এবং ১৬ হাজার ৫০৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। গত ১৩ মে সংগ্রহ কার্যক্রম শুরু হয়। ৩১ আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে। জেলার ৫৪৬টি চালকলের মালিক সরকারের সঙ্গে চাল দিতে চুক্তিবদ্ধ হয়েছেন। কিন্তু ২১ আগস্ট পর্যন্ত চাল ও ধান সংগ্রহ হয়েছে যথাক্রমে ১৫ হাজার ৪৮৫ ও ৬ হাজার ১৮৩ মেট্রিক টন। এখন পর্যন্ত অনেক চালকলমালিক ও কৃষক গুদামে চাল ও ধান সরবরাহ করেননি। এ কারণে নির্ধারিত সময়ের মধ্যে চাল ও ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

জেলা চালকল মালিক সমিতি সূত্রে জানা গেছে, সরকার এ বছর বোরো চাল ও ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে যথাক্রমে প্রতি কেজি ৩৬ ও ২৬ টাকা। কিন্তু বর্তমানে বাজারে মোটা চালের দাম প্রতি কেজি ৪২ থেকে ৪৪ টাকা। অর্থাৎ বাজারমূল্যের চেয়ে সরকারের চাল সংগ্রহ মূল্য কম হওয়ায় আর্থিক ক্ষতির কারণে চালকলমালিকেরা সরকারি গুদামে চাল সরবরাহ করতে উৎসাহ হারিয়ে ফেলেছেন।
শেরপুর শহরের ধান-চাল ব্যবসায়ী বিনয় কুমার সাহা বলেন, বর্তমানে বাজারে ধানের দাম বেশি। এতে চাল উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। তাঁরা এখন লোকসান দিয়ে চুক্তি অনুযায়ী গুদামে চাল সরবরাহ করছেন। চালের সংগ্রহমূল্য বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সদর উপজেলার মাঝপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ আলী বলেন, বর্তমানে সরকারনির্ধারিত ধানের সংগ্রহমূল্য আর বাজারমূল্য প্রায় সমান। বাজারে সহজেই ধান বিক্রি করা যায়। ঝক্কিঝামেলা কম। আর গুদামে ধান দিতে গেলে নির্দিষ্ট পরিমাণ আর্দ্রতা বজায় রাখতে হয়। অধিকন্তু পরিবহন খরচও বহন করতে হয়। তাই গুদামে ধান দেওয়ার চেয়ে বাজারে বিক্রিতেই সুবিধা বেশি।

জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রওশন প্রথম আলোকে বলেন, জেলায় বোরো ধানের বাম্পার ফলন হলেও বাজারে ধানের দাম অনেক বেশি। ফলে, সরকারনির্ধারিত ক্রয়মূল্যের সঙ্গে চাল উৎপাদন খরচের বিস্তর ফারাক হওয়ায় সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহ করে চালকলমালিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারপরও যেসব চালকলমালিক চুক্তিবদ্ধ হয়েছেন, তাঁরা লোকসান দিয়ে হলেও গুদামে চাল সরবরাহ করবেন বলে তিনি আশা করেন। তবে সংগ্রহ অভিযানের সময়সীমা আরও এক মাস বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন জানান তিনি।

লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার শঙ্কা প্রকাশ করে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ফরহাদ খন্দকার প্রথম আলোকে বলেন, যেসব চালকলমালিক চুক্তি অনুযায়ী এখনো গুদামে চাল সরবরাহ করেননি, তাঁদের সরবরাহের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। তারপরও তাঁরা যদি চাল সরবরাহ না করেন, তাহলে সরকারের নির্দেশনানুযায়ী পরবর্তী মৌসুমগুলোয় ওই সব চালকলগুলোকে সরকারি গুদামে চাল সরবরাহ করা থেকে বিরত রাখা হবে। প্রয়োজনে সরকার শাস্তিমূলক ব্যবস্থাও নিতে পারে। তবে চুক্তিবদ্ধকৃত চালকলমালিকেরা যথারীতি চাল সরবরাহ করবেন বলে তিনি আশা করেন। আর যেসব তালিকাভুক্ত কৃষক গুদামে ধান সরবরাহ করবেন না, তাঁদের সরকারপ্রদত্ত বিভিন্ন কৃষি প্রণোদনার আওতার বাইরে রাখা হবে।