শেরপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. আনিছুর রহমান (২৬)। তিনি নালিতাবাড়ী উপজেলার চরপাড়া গ্রামের ছফর উদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় আনিছুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। হত্যার শিকার তাসলিমা খাতুন (২০) নালিতাবাড়ী উপজেলার খালভাঙ্গা গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে।
আদালত সূত্রে মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা গেছে, ২০১৮ সালের ডিসেম্বর মাসে তাসলিমা খাতুনের সঙ্গে আনিছুর রহমানের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে তাসলিমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন আনিছুর। ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি রাতে যৌতুকের টাকা এনে দিতে স্ত্রীর ওপর চাপ প্রয়োগ করেন তিনি। তাসলিমা টাকা এনে দিতে পারবেন না বলে জানানোর পর, ওই দিন রাতে তাঁকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান আনিছুর। পরদিন ভোরে নালিতাবাড়ী থানার পুলিশ ওই ঘর থেকে তাসলিমার রক্তাক্ত লাশ উদ্ধার করে।
এ ঘটনায় তাসলিমার বাবা মোফাজ্জল হোসেন বাদী হয়ে নালিতাবাড়ী থানায় হত্যা মামলা করেন। পরে ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি পুলিশ ওই মামলায় আনিছুর রহমানকে গ্রেপ্তার করেন। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। তদন্ত শেষে নালিতাবাড়ী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম ২০১৯ সালের ২ এপ্রিল আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। শুনানি শেষে আদালত আজ আনিছুর রহমানকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) মো. গোলাম কিবরিয়া রায়ে সন্তোষ প্রকাশ করেন। তবে আসামিপক্ষে সরকার নিযুক্ত কৌঁসুলি মো. মমতাজ উদ্দিন রায়ে অসন্তোষ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তাঁরা।