শেরপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুরকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলা, আহত ৪
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মরিচপুরান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করাকে কেন্দ্র করে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলায় অন্তত চারজন আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে মরিচপুরান বাজারে এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আওয়ামী লীগ প্রার্থী খন্দকার শফিক আহমেদের পক্ষে মরিচপুরান বাজারে নৌকার মিছিল বের হয়। এ সময় মরিচপুরান বাজারে স্বতন্ত্র প্রার্থী মো. নজরুল ইসলামের মোটরসাইকেল প্রতীকের কার্যালয়ে শফিকের কর্মী-সমর্থকেরা হামলা চালিয়ে দুই কর্মীকে মারধর করেন। ভাঙচুর করা হয়েছে কার্যালয়ের চেয়ার-টেবিল। এ ছাড়া মরিচপুরান বাজারে কয়েকটি দোকানেও হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
পুলিশ চলে গেলে রাত নয়টার দিকে নজরুল ইসলামসহ তাঁর কর্মী-সমর্থকেরা কার্যালয়ে ফিরে আসেন। এ সময় অটোরিকশায় করে শফিকের কর্মী-সমর্থকেরা মরিচপুরান বাজারে এলে নজরুলের কর্মী-সমর্থকেরা তাঁদের ওপর পাল্টা হামলা চালান। এতে অটোরিকশাচালক মো. ফরহাদ মিয়াসহ চারজন আহত হন। রাত সোয়া নয়টার দিকে শফিকের ছোট ভাই রুবেল মিয়া এক কর্মীকে নিয়ে মরিচপুরান বাজারে গেলে নজরুলের কর্মী-সমর্থকেরা দুজনকে বেঁধে রাখেন। ঘটনাস্থলে আবার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নজরুল ইসলাম বলেন, ‘মিছিল থেকে নৌকার কর্মী ও সমর্থকেরা হামলা চালিয়ে আমার নির্বাচনী কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করেছে। কয়েকটি দোকানে হামলা করেছে। হামলায় আমার দুই কর্মী মারপিটের শিকার হয়েছে। মূলত, আমার নেতা-কর্মী ও সমর্থকদের ভয়ভীতি দেখাতে শফিকের লোকজন সন্ত্রাসী হামলা চালিয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে আমি থানায় লিখিত অভিযোগ করেছি।’
অভিযোগের বিষয়ে খন্দকার শফিক আহমেদ বলেন, ‘বাঁশকান্দা বাজারে নির্বাচনী সভায় যাওয়ার পথে নজরুলের কর্মীরা নৌকার কয়েক কর্মীকে আটক করে। এ সময় দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া হয়। আমার কর্মীরা কোনো নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেনি। বরং আমার ছোট ভাইসহ এক কর্মীকে আটক করেছিল। নজরুলের কর্মীদের হামলায় অটোচালক ফরহাদসহ চারজন আহত হয়েছেন।’
নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সায়েদুর রহমান। তিনি বলেন, শফিকের দুই কর্মীকে উদ্ধার করা হয়েছে। এখন পরিবেশ স্বাভাবিক।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বলেন, দুই পক্ষের দুটি লিখিত অভিযোগ পেয়েছেন। সরেজমিন তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।