শেরপুরে হারিয়ে যাওয়া মাকে ফিরে পেল ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হারিয়ে যাওয়ার দুই দিন পর মা সুফিয়া বেগমকে ফিরে পেয়ে আনন্দে জড়িয়ে ধরেন ছেলে দুলাল মিয়া। রোববার বিকেলে শেরপুর সদর থানার ওসির কক্ষে
ছবি: প্রথম আলো

শেরপুরে হারিয়ে যাওয়ার এক দিন পর বৃদ্ধা মা সুফিয়া বেগমকে (৮৭) ফিরে পেয়েছেন ছেলে দুলাল মিয়া (৫৫)। রোববার বিকেলে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ছেলে দুলাল মিয়ার কাছে তাঁর মাকে হস্তান্তর করেন। সুফিয়া কিশোরগঞ্জের ইটনা উপজেলার মহিনন্দ গ্রামের মৃত শহর আলীর স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, ঈদ করতে সুফিয়া বেগম গাজীপুরে তাঁর ছোট ছেলে বকুল মিয়ার বাড়িতে গিয়েছিলেন। ঈদের পরের দিন শনিবার সকালে তিনি (সুফিয়া) গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশে ছেলে বকুলের স্ত্রীকে নিয়ে বের হয়েছিলেন কিশোরগঞ্জের বাস ধরতে। কিন্তু বকুলের স্ত্রী ভুলবশত তাঁকে (সুফিয়া) শেরপুর জেলার বাসে উঠিয়ে দেন। কিশোরগঞ্জের বদলে সুফিয়া চলে আসেন শেরপুর জেলা শহরের নবীনগর বাস টার্মিনালে। এতে বিপাকে পড়ে যান তিনি। অপরিচিত জায়গা, অচেনা শহর দেখে শুরু করেন কান্নাকাটি। কান্নাকাটি করতে দেখে এক অটোরিকশাচালক তাঁকে (সুফিয়া) শেরপুর সদর থানায় নিয়ে আসেন।

ঘটনা শুনে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সুফিয়ার কাছ থেকে কিছু তথ্য নিয়ে কিশোরগঞ্জের ইটনা থানার ওসি মুর্শেদ জামানের সঙ্গে যোগাযোগ করেন। সেই সঙ্গে সুফিয়ার খোঁজ দেওয়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন। এরপর সুফিয়ার ছবি দেখে বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে সুফিয়ার পরিবারের সন্ধান পায় ইটনা থানার পুলিশ।

পরে ইটনা থানা–পুলিশের সহযোগিতায় সুফিয়া ছেলে দুলাল মিয়া তাঁর সন্ধান পান। এরপর রোববার বিকেলে মাকে নেওয়ার জন্য তিনি শেরপুর সদর থানায় আসেন। বিকেল পাঁচটার দিকে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন তাঁর কার্যালয়ে দুলাল মিয়ার কাছে তাঁর মা সুফিয়াকে তুলে দেন। এ সময় দুলাল তাঁর মাকে জড়িয়ে ধরেন ও আনন্দে তাঁর চোখ পানিতে ছলছল করতে থাকে।

সুফিয়া বেগমের ছেলে দুলাল মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা খুব চিন্তায় ছিলাম যে মাকে খুঁজে পাব কি না। এখন মা আমার কাছে আছে। এ জন্য শেরপুর সদর ও ইটনা থানার ওসি সাহেবের কাছে আমরা কৃতজ্ঞ।’

ছেলেকে দেখে আবেগাপ্লুত মা সুফিয়া বেগম বলেন, ‘আমার বয়স অনেক হইছে। কানে কম শুনি, চোখেও কম দেখি। পথ হারাইয়া শেরপুরে আইসা পড়লেও থানার ওসি সাহেব আমার অনেক যত্ন নিছেন। এ জন্য তারে ধন্যবাদ জানাই।’

শেরপুর সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন রোববার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, সুফিয়া বেগমকে পাওয়ার পর পুলিশ সুপার মোহাম্মদ হাসান নাহিদ চৌধুরীর নির্দেশে তাৎক্ষণিকভাবে ইটনা থানায় তাঁর ছবিসহ তথ্য চেয়ে বার্তা পাঠান। এরপর ইটনা থানা থেকে সুফিয়া বেগমের পরিবারের খোঁজ দেওয়া হয়।