শেরপুরে ১৫ দিনের মধ্যে করোনায় শনাক্তের হার সর্বনিম্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের প্রতীকী ছবি

শেরপুরে গত ২৪ ঘণ্টায় ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ১৫ দিনের মধ্যে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার এটিই সর্বনিম্ন। নতুন করে আক্রান্ত ২২ জনের মধ্যে শেরপুর সদরে ১১ জন, শ্রীবরদীতে ২ জন, ঝিনাইগাতীতে ৩ জন, নালিতাবাড়ীতে ৫ জন ও নকলা উপজেলায় ১ জন রয়েছেন। সব মিলিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২৩১। গত দুই দিনে জেলায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

আজ রোববার সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় আরটি–পিসিআর ও র‌্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে মোট ১৪৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৪ দশমিক ৯৬ শতাংশ।

এর আগে ১ আগস্ট জেলায় আরটি–পিসিআর ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট মিলিয়ে মোট ২৯৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৩৫ দশমিক ৪৭ শতাংশ। চলতি মাসে সেটিই ছিল সর্বোচ্চ শনাক্তের সংখ্যা।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, আজ রোববার সকাল ৮টা পর্যন্ত শেরপুর জেলা সদর হাসপাতালে কোভিড আক্রান্ত ৪৫ জন রোগী ও আইসোলেশন ওয়ার্ডে ২০ জন ভর্তি ছিলেন। করোনা শনাক্তের হার কমায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও কমেছে।

জেলা সিভিল সার্জন এ কে এম আনোয়ারুর রউফ আজ সকালে প্রথম আলোকে বলেন, ঈদুল আজহার পর প্রায় তিন সপ্তাহ টানা কঠোর বিধিনিষেধ থাকায় চলতি মাসে শনাক্তের হার কমেছে। এটি ইতিবাচক। তবে বিধিনিষেধ শিথিল করার পর স্বাস্থ্যবিধি পালন না করলে পুনরায় সংক্রমণ পরিস্থিতির অবনতি হতে পারে।