ইবাদত-বন্দেগি, জিকির-আজকার আর বয়ানে মশগুল ছিলেন বিশ্ব ইজতেমায় আসা লাখো মুসল্লি। গতকাল শনিবার ফজরের নামাজের পর থেকে ইজতেমার মাওলানাদের বয়ান শুনছেন তাঁরা। আর বয়ানের মূল বিষয় ছিল নিজে ইসলামের পথে চলা এবং অন্যকে ইসলামের পথে চলার দাওয়াত দেওয়া। আজ রোববার সকাল সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম প্রথম আলোকে বলেন, আগের পর্বের মতোই দ্বিতীয় পর্বেও সকাল সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে গতকাল বিকেল থেকেই টঙ্গী শহর, ইজতেমাস্থল ও এর আশপাশ এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে।
আজ সকাল সাড়ে ১১টার মধ্যে যেকোনো সময় শুরু হবে আখেরি মোনাজাত। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের বিশ্ব ইজতেমা। ৮ জানুয়ারি শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ওই পর্ব ১০ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। মাঝে চার দিন বিরতি দিয়ে ১৫ জানুয়ারি শুরু হয় দ্বিতীয় পর্ব।
দুই বছর আগে বার্ধক্যজনিত কারণে ভারতের প্রখ্যাত আলেম ও বিশ্ব তাবলিগ জামাতের আমির মাওলানা জোবায়েরুল হাসান মারা যান। প্রায় ১৮ বছর ধরে তিনিই বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেছেন। গত বছরের মতো এ বছরও আখেরি মোনাজাত পরিচালনা করবেন ভারতের অপর শীর্ষস্থানীয় মুরব্বি মাওলানা সা’দ। মোনাজাতের আগে তিনিই হেদায়াতি বয়ান করবেন।
যৌতুকবিহীন বিয়ে এ পর্বেও হচ্ছে না: বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে সাধারণত যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়। কিন্তু এ বছরই প্রথম এই বিয়ের প্রথা আর থাকছে না। তাই গতকাল বিয়ের আয়োজন রাখা হয়নি। ইজতেমা পরিচালনা কমিটির সদস্য গিয়াস উদ্দিন জানান, বিয়ে একটি আনন্দের অনুষ্ঠান, কিন্তু এখানে বিয়ে হলে পরিবারের সদস্যরা সেই আনন্দ উপভোগ করতে পারে না। তাই এখন থেকে বিয়ের আয়োজন তাদের নিজ নিজ বাড়িতেই হবে।
টঙ্গীর রেলওয়ে সূত্র জানায়, বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আখেরি মোনাজাত উপলক্ষে আখাউড়া, কুমিল্লা, ময়মনসিংহসহ বিভিন্ন রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া আখেরি মোনাজাতের আগে ও পরে সব ট্রেন টঙ্গী স্টেশনে যাত্রাবিরতি করবে।
গাজীপুরের ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন জানান, শনিবার রাত থেকে রোববার আখেরি মোনাজাতের সময় পর্যন্ত ভোগড়া বাইপাস মোড় থেকে কুড়িল বিশ্বরোড, সাভারের বাইপাইল থেকে আবদুল্লাহপুর পর্যন্ত অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি ছাড়া সাধারণ যানবাহন বন্ধ থাকবে।
গাজীপুরের পুলিশ সুপার হারুন আর রশিদ জানান, ইজতেমায় আসা মুসল্লিদের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাঁরা আখেরি মোনাজাতের পর মুসল্লিদের বাড়ি ফেরা পর্যন্ত দায়িত্ব পালন করবেন।