শেষ মুহূর্তে চমকের অপেক্ষা
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ সরে দাঁড়াতে পারেন। বিষয়টি নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ বৃহস্পতিবার। এতে মেয়র পদে কে বা কারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন, তা দেখার জন্য মুখিয়ে আছেন নগরবাসী। শোনা যাচ্ছে, মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান ওরফে ইমরান সরে দাঁড়াতে পারেন। সদ্য বিদায়ী মেয়র মো. মনিরুল হক সাক্কুকে নিয়েও রয়েছে গুঞ্জন। শেষ পর্যন্ত কী হয়, তা নিয়ে এখন চলছে নানা জল্পনা–কল্পনা।
বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান নির্বাচন থেকে সরবেন কি না, তা আজ জানা যাবে। আজই চূড়ান্ত প্রার্থীর তালিকা করা হবে।
গত মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মাসুদ পারভেজ খানকে নিয়ে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মাসুদ পারভেজের বোন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আঞ্জুম সুলতানা সীমা।
মাসুদ বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য। মাসুদ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রয়াত নেতা আফজল খানের বড় ছেলে। সংসদ সদস্য আঞ্জুম সুলতানার ভাই।
এ বিষয়ে মাসুদ পারভেজ খান প্রথম আলোকে বলেন, ‘সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নির্বাচন করার প্রেক্ষাপট জানিয়েছি। তাঁরা তাঁদের কথা বলেছেন। আমি নির্বাচনে থাকব নাকি সরে যাব, তা ২৬ মে জানাব। এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নিইনি।’
দলীয় সূত্রে জানা গেছে, ১১ মে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে মাসুদ পারভেজ খান আবেদন করেন। এতে মেয়র পদে ১৪ জন দলীয় ফরম জমা দেন। মেয়র পদে দলীয় মনোনয়ন পান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। দলীয় মনোনয়ন না পেয়ে মাসুদ স্বতন্ত্র প্রার্থী হন। এরপর দলে অস্থিরতা দেখা দেয়। তবে মাসুদের বোন আঞ্জুম সুলতানা নেতা–কর্মীদের নৌকার পক্ষে কাজ করার নির্দেশ দেন। এতে দলের মধ্যে আলোচনা–সমালোচনা শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের অন্তত দুজনের প্রার্থিতা প্রত্যাহারের জন্য নানামুখী চাপ আছে। গুঞ্জন রয়েছে, টানা দুবারের মেয়র মো. মনিরুল হক শেষ মুহূর্ত প্রার্থিতা প্রত্যাহার করে নিলে মাসুদ পারভেজ মাঠে থাকবেন। মনিরুল না সরলে তিনি মাঠে থাকবেন না। অনেক ‘যদি’ ও ‘কিন্তু’র জন্য অপেক্ষা করতে হবে বিকেল পাঁচটা পর্যন্ত।
মেয়র প্রার্থী মো. মনিরুল হক বলেন, ‘আমি নির্বাচনে আছি, থাকব। কুমিল্লা নগরবাসী আমাকে প্রার্থী করিয়েছেন। তাঁদের মর্যাদা রাখব। নগরবাসীর খেদমত করেছি এক দশক। তাঁরা আমাকে চান। এসব গুঞ্জন ঠিক নয়।’