শেষ মুহূর্তে দা, বঁটি বানানোর ব্যস্ততা

বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে দা, বঁটি, চাপাতি ও ছুরি। গতকাল মৌলভীবাজারের কমলগঞ্জে।ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় বছর ধরে করোনার প্রভাবে দিশেহারা মৌলভীবাজারের কমলগঞ্জের কামারেরা। এখন কোরবানির ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে দা, বঁটি দা, ছুরি, চাপাতিসহ নানা উপকরণ তৈরির কাজে ব্যস্ত তাঁরা। কামারপাড়াগুলোর টুংটাং শব্দ জানান দিচ্ছে, আর কয়েক দিন পরই ঈদুল আজহা।

এই পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সারা বছর দা, ছুরি, চাপাতি, বঁটি দাসহ কৃষি উপকরণ তৈরির কাজে ব্যস্ত থাকেন কামারেরা। তবে করোনাকাল আসার পর এসব উপকরণের চাহিদা অনেক কমে গেছে। ফলে অন্যান্য পেশার মতো কামারেরাও একধরনের সংকটে আছেন। বছর ঘুরে কোরবানির ঈদ এলে এ পেশার লোকজন আশায় বুক বাঁধেন। কারণ, এ সময়ে পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাত করতে ছুরি, চাপাতি, দা, বঁটি অত্যাবশ্যকীয়। এসব জিনিসের চাহিদা বেড়ে যাওয়ায় কামারপাড়ায় এ সময়ে দম ফেলার ফুরসত থাকে না। কিন্তু এবার ঈদের আগে সারা দেশে কঠোর বিধিনিষেধ শুরু হওয়ায় এ পেশার লোকজন ছিলেন সংশয়ে। কারণ, সরঞ্জাম তৈরি করলেও শেষ পর্যন্ত বিক্রি হবে কি না, এ নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে ঈদের আগে বিধিনিষেধ শিথিল করার উদ্যোগের খবরে আশাবাদী হয়ে উঠেছেন কামারেরা। তাঁরা শেষ মুহূর্তে এসে ছুরি, চাপাতি, দা, বঁটি বানাতে জোরেশোরে হাত চালাচ্ছেন। এসব সরঞ্জাম কিনতে এখন থেকেই মানুষ কামারপাড়ায় ভিড় জমাচ্ছেন। আবার কেউ কেউ পুরোনো সরঞ্জাম মেরামত করতে কামারদের কাছে নিয়ে আসছেন।

উপজেলার ভানুগাছ বাজারের কর্মকার সুজিত ধর বলেন, ‘এটা আমাদের পৈতৃক পেশা। ৪০ বছর ধরে এই কাজ করছি। প্রতিবছর ঈদকে সামনে রেখে পাইকারি ও খুচরা ক্রেতারা এসে সরঞ্জাম নিয়ে যান। তবে দেড় বছর ধরে করোনার কারণে চাহিদা কম। তাই আমাদের কাজের চাপও কম।’

কমলগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের প্রতিটি বাজারেই আছে কামারদের দোকান। করোনাকালের আগে প্রতিদিন দোকানে দেড় হাজার থেকে দুই হাজার টাকা আয় হতো। সেখানে এখন ৮০০ থেকে ১ হাজার টাকা আয় করাও কঠিন। আছে কর্মচারীর মজুরি। অনেক সময় লাভের বদলে লোকসান গুনতে হচ্ছে। এই কোরবানির ঈদের সময় ক্ষতি পুষিয়ে নেওয়ার আশায় আছেন তাঁরা।