শেষ মুহূর্তে বিএনপি নেতাকে সমর্থন, দুই কূল হারালেন আ.লীগের প্রার্থী
বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন থেকে শেষ মুহূর্তে সরে গিয়ে বিএনপি নেতাকে সমর্থন দিয়ে জামানত হারিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আলীম উদ্দিন। সব মিলিয়ে তিনি পেয়েছেন ১২২ ভোট।
এই ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী বদরুল আলমকে ঠেকাতে বিএনপি নেতা ও স্বতন্ত্র প্রার্থী শাহ মো. আবদুর রশিদকে সমর্থন দিয়েও শেষরক্ষা হয়নি তাঁর। বদরুল আলমই শেষ পর্যন্ত নির্বাচনে জয়ী হয়েছেন। তিনি আনারস প্রতীক নিয়ে ৬ হাজার ৮৮৫ ভোট পেয়েছেন। অন্যদিকে, অটোরিকশা প্রতীকে বিএনপি নেতা শাহ মো. আবদুর রশিদ পেয়েছেন ৬ হাজার ৬৯৫ ভোট। মাত্র ১৯০ ভোটে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে হেরেছেন তিনি।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান আলীম উদ্দিন আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছিলেন। তবে প্রতীক বরাদ্দের পর থেকেই আলীম উদ্দিনের কর্মী-সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী ও নুনগোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল আলমের সমর্থকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। অগ্নিসংযোগ ও হত্যাচেষ্টার ঘটনায় পাল্টাপাল্টি কয়েকটি মামলাও হয়েছে।
নির্বাচনের আগের রাতে মুহূর্তেই আলীম উদ্দিন নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। এরপর তিনি স্বতন্ত্র প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মো. আবদুর রশিদকে সমর্থন দেন। এদিকে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থনের ব্যাপারে আলীম উদ্দিন তাঁর কর্মীদের মুঠোফোনে নির্দেশনা দিলে সেই কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিকে গতকাল রোববার ভোটের দিন কোনো কেন্দ্রেই নৌকার এজেন্ট দেখা যায়নি। আলীম উদ্দিন নিজেও ভোট দিতে কেন্দ্রে যাননি বলে জানা গেছে।
এ বিষয়ে বদরুল আলম বলেন, আলীম উদ্দিন টাকা দিয়ে নৌকার মনোনয়ন কিনেছিলেন। বাস্তবে তিনি জনবিচ্ছিন্ন। ভোটে নিশ্চিত ভরাডুবি জেনে শেষ মুহূর্তে মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন। আবার তাঁর কর্মী-সমর্থকদের বিএনপির নেতাকে ভোট দেওয়ার জন্য বলেছেন। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত—এমন প্রার্থীকে সমর্থন দিয়ে আলীম উদ্দিন প্রমাণ করেছেন, তাঁর মধ্যে আসলে আওয়ামী লীগের কোনো আদর্শ নেই।
অন্যদিকে আলীম উদ্দিন অভিযোগ করে বলেন, বিদ্রোহী প্রার্থী বদরুল মামলা-হামলা করে নির্বাচনের মাঠ থেকে নৌকার নেতা-কর্মীদের সরিয়ে দিয়েছেন। দলের পক্ষ থেকেও তিনি তেমন কোনো সহযোগিতা পাননি। এসব প্রতিবন্ধকতার কারণে শেষ মুহূর্তে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।