শেষ মুহূর্তের মামলায় বিএনপির সভাপতি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি কবির হোসেন তালুকদারকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল রোববার ভোরে খালগোড়া বাজারের নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গত শনিবার রাতে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মো. দেলোয়ার হোসেনের ভাই মো. তারেক মিয়া বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, শনিবার বিকেলে রাঙ্গাবালীর এসসিআই কার্যালয়ের কাছে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থনে পথসভা হয়। পথসভা শেষে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা বাড়ি ফেরার পথে উপজেলা বিএনপির নেতা কবির হোসেন তালুকদার একদল ভাড়াটে সন্ত্রাসী নিয়ে তাঁদের ওপর হামলা চালান।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফীন জানান, হামলার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি কবির হোসেন তালুকদারসহ ৪০ জনের নাম উল্লেখসহ আরও ১০ জনের মতো অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে। ওই মামলায় রোববার (গতকাল) সকালে কবির হোসেন তালুকদারকে রাঙ্গাবালীর খালগোড়া বাজারের নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়।
আওয়ামী লীগের প্রার্থী দেলোয়ার হোসেন বলেন, ‘আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন। কিন্তু বিএনপির সমর্থকেরা আতঙ্ক সৃষ্টির মাধ্যমে যাতে ভোটাররা উপস্থিত না হয়, এ জন্য পরিকল্পিতভাবে এ হামলা করেছে। তারা এই উপনির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই পরিকল্পিতভাবে এ ধরনের সন্ত্রাসী ঘটনা ঘটিয়েছে।’
তবে বিএনপির প্রার্থী মো. জাহাঙ্গীর হোসেন অভিযোগ অস্বীকার করেছেন। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, বিএনপির বিজয় ঠেকাতে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মামলা দিয়ে তাঁদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তারের ভয়ে তাঁদের কর্মী-সমর্থকেরা অনেকেই এলাকা ছেড়েছেন।
২০১৬ সালের ২ মার্চ উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান কবির চানের মৃত্যুতে পদটি শূন্য হয়। আজ ৬ মার্চ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন (নৌকা), উপজেলা বিএনপির উপদেষ্টা মু. জাহাঙ্গীর হোসেন আকন (ধানের শীষ) ও উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মো. আমির হোসেন (হাতপাখা) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার ৭৪ হাজার ৮১৪ জন।