শেষ সম্বল রক্ষায় বাঁধ নির্মাণ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোগাই নদের ভাঙনে বাড়িঘর বিলীন হচ্ছে। গতকাল সকালে শেরপুরের নালিতাবাড়ীর উত্তর গড়কান্দা এলাকায়
প্রথম আলো

চাতালশ্রমিক নুরেতন নেছার পাঁচ শতক জমি ছিল। সেখানে একটি ঘরে দুই সন্তান আর দিনমজুর স্বামীকে নিয়ে বাস করতেন। তাঁদের আর কোনো জমি নেই। ভোগাই নদের ভাঙনে দুই বছর আগে তাঁদের ভিটা বিলীন হয়ে গেছে। এখন এই ভূমিহীন পরিবার এলাকার এক বাড়িতে আশ্রয় নিয়েছে।

নুরেতনের (৬০) বাড়ি শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের উত্তর গড়কান্দা এলাকায়। তাঁর স্বামীর নাম ফজর আলী (৬৫)। তিনি দীর্ঘদিন অসুস্থ থাকায় কোনো কাজ করতে পারেন না। নুরেতনের একার শ্রমে তাঁদের সংসার চলে।

নুরেতন বলেন, ‘ভাঙতে ভাঙতে ঘরবাড়ি সব চইলা গেছে। জমিজিরাত না থাহুনে অহন অন্যের বাড়িত বাওইলা থাহি। এই ভাঙনে আমার সব শেষ অইয়া গেছে।’

ভোগাই নদের ভাঙনে নুরেতনের মতো ১৫-২০টি পরিবার ভিটামাটি হারিয়ে ভূমিহীন হয়ে পড়েছে। এ ছাড়া অর্ধশতাধিক পরিবার ভাঙনের শিকার হয়েছে। অনেকের বসতভিটার একদম কাছে চলে এসেছে নদ। এ কারণে শেষ সম্বল রক্ষায় তারা সরকারের কাছে এলাকায় ৫০০ মিটার বাঁধ নির্মাণে দাবি জানিয়েছে।

ভুক্তভোগী কয়েকটি পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ভারত থেকে উৎপত্তি হয়ে ভোগাই নদ উত্তর গড়কান্দা হয়ে পৌর শহরের মাঝখান দিয়ে বয়ে গেছে। ভারতে বৃষ্টি হলেই ভোগাই নদে ঢল নামে। ২০-২৫ বছর ধরে পাহাড়ি ঢলে এলাকায় বাড়িঘর ভাঙতে থাকে। নদভাঙনকবলিত অনেকে কাজের সন্ধানে অন্যত্র চলে গেছেন। বাকি কয়েকটি পরিবার গ্রামে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে। স্থায়ী বাঁধ নির্মাণ না করলে আরও অনেক পরিবার শেষ সম্বলটুকু হারাবে।

গৃহিণী কুলসুম বেগম বলেন, ‘নদের পাড়ে ১০ শতক জমির ওপর বাড়িঘর। যদি নদে বান্দের ব্যবস্থা না হয়, তাইলে ভাঙনে সব শেষ অইয়া যাইব। সরকার ব্যবস্থা নিলে বাড়িঘর রক্ষা অইব।’

পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক বলেন, দীর্ঘদিনের ভাঙনের কবলে পড়ে অনেকের বাড়ি নদে বিলীন হয়ে গেছে। শহরের মধ্যে নদের দুই পাশে ব্লকের মাধ্যমে স্থায়ী বাঁধ করা হলে ভাঙন রোধ করা সম্ভব হবে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সঙ্গে একাধিকবার কথা হয়েছে।

শেরপুরে পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী মো. শাহজাহান মিয়া বলেন, ভোগাই নদে বাঁধ নির্মাণে প্রকল্প তৈরি করতে ইতিমধ্যে কারিগরি কমিটি গঠন করা হয়েছে। করোনার জন্য কার্যক্রম কিছুটা থেমে রয়েছে। শিগগির কমিটির সদস্যরা নদের বিভিন্ন অংশ পরিদর্শন করবেন।