শেষ সময়ে টিকিট কাটতে গিয়ে মধ্যপ্রাচ্যগামীদের চড়া মূল্য দিতে হচ্ছে: প্রতিমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, সম্প্রতি বিমানভাড়া বৃদ্ধির কারণে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের খুব কষ্ট হচ্ছে। মধ্যপ্রাচ্যগামী কর্মীরা সাধারণত ফ্লাইটের চার-পাঁচ দিন আগে ভিসা হওয়ার সংবাদ পান। শেষ সময়ে টিকিট কাটতে গিয়ে তাঁদের চড়া মূল্য দিতে হচ্ছে। কিন্তু দেড়-দুই মাস আগে টিকিট কাটা গেলে এ সমস্যা থাকত না। অর্ধেক মূল্যে তাঁরা টিকিট কাটতে পারতেন।
আজ মঙ্গলবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ ও নতুন টার্মিনাল ভবনের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মাহবুব আলী বলেন, বিমানভাড়া নিয়ে দুর্ভোগের বিষয়ে প্রধানমন্ত্রী অবগত আছেন। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মধ্যপ্রাচ্যগামীদের কীভাবে ভর্তুকি দিয়ে সহযোগিতা করা যায়, সেটা নিয়ে চিন্তাভাবনা চলছে। তবে করোনার কারণে যাত্রীদের চাপ বেশি। অন্যদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ চলায় ফ্লাইটের সংখ্যা বাড়ানো যাচ্ছে না। বিমানবন্দর পুরোপুরি চালু হওয়ার পর এ সমস্যা থাকবে না।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের কাজ শেষ হলে সিলেট থেকেই বিশ্বের বিভিন্ন গন্তব্যে সরাসরি ফ্লাইট চলবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। এর মধ্যে বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ ও শক্তি বৃদ্ধির কাজ সম্পন্ন হয়েছে। এখন নতুন আন্তর্জাতিক টার্মিনালের নির্মাণকাজ শেষ হওয়ার অপেক্ষা।
প্রতিমন্ত্রী বলেন, সিলেট বিমানবন্দরে যে টার্মিনাল আছে, সেটা অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার জন্য উপযুক্ত। আন্তর্জাতিক ফ্লাইটের জন্য এ টার্মিনাল উপযোগী নয়। তারপরও যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টের পরামর্শ নিয়ে এ টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
যুক্তরাজ্যের হিথ্রোতে বিমানের সরাসরি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। বিমানবন্দরে নতুন আন্তর্জাতিক টার্মিনালের কাজ শুরু হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এ টার্মিনালের কাজ শেষ করা হবে। তখন শুধু হিথ্রো নয়, বিশ্বের বিভিন্ন গন্তব্যে এ বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে।
শিগগিরই ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালু করার ব্যাপারে আশা প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী মাহবুব আলী। এরপর সিলেট থেকে নিউইয়র্ক ও কানাডার টরন্টোটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।