
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে গতকাল শনিবার শেষ হয়েছে তিন দিনব্যাপী ‘চতুর্থ ডিআরএমসি-বার্জার জাতীয় ভাষা উৎসব-২০১৭’।
উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বাংলা ভাষা চর্চায় শিক্ষার্থীদের আরও আন্তরিক ও যত্নশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার প্রতি সচেতনতা বৃদ্ধি এবং বিশ্ব ভাষা চেতনা জাগ্রতকরণের ক্ষেত্রে এই ভাষা উৎসব সফল হয়েছে।
সভাপতির বক্তব্যে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল মান্নান ভূঁইয়া ভাষা উৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্য অংশগ্রহণকারী শিক্ষার্থী, সহযোগী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।
উৎসবে বাংলা ও ইংরেজি বানান, ভাষাভিত্তিক অলিম্পিয়াড, উপস্থিত বক্তৃতা, পদ্য লিখন, অনলাইন রচনা লিখন, অনলাইন পত্র লিখন, আলোকচিত্র প্রদর্শনী ও ভাষাভিত্তিক কুইজ প্রতিযোগিতা ছিল। এতে ঢাকা নগরের কলেজসহ দেশের শতাধিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
উৎসব উপলক্ষে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ক্যাম্পাসকে ব্যানার, ফেস্টুন ও বর্ণিল পতাকা দিয়ে সুসজ্জিত করা হয়। তরুণ শিক্ষার্থীদের পদচারণে উৎসবমুখর হয়ে ওঠে ক্যাম্পাস। বিজ্ঞপ্তি