
মাত্র ১৫ দিন আগে পুত্রবধূ আর নাতিদের কাছ থেকে ঘুরে এসেছেন পুলিশ সুপার বাবুল আক্তারের বাবা আবদুল ওয়াদুদ। ছিলেন তিন সপ্তাহ। বহু সুখস্মৃতি তাঁকে তাড়া করে ফিরছে। তাই চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় পুত্রবধূ মাহমুদা খানম মিতুর (৩২) হত্যার ঘটনায় শ্বশুরকে কিছুতেই সান্ত্বনা দেওয়া যাচ্ছে না। স্মৃতি হাতড়ে ক্ষণে ক্ষণে কাঁদছেন তিনি।
মাগুরা শহরের কাউন্সিলপাড়ার মাহমুদা খানমের শ্বশুরবাড়িতে গতকাল সকাল থেকে চলছে মাতম, স্বজনদের আহাজারি। মাহমুদার শাশুড়ি শাহিদা ওয়াদুদ শোকে শয্যাশায়ী। বুক চাপড়ে চিৎকার করে কাঁদছেন তিনি।
অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবদুল ওয়াদুদ কাঁদতে কাঁদতে বলেন, ‘বউমা আমার মেয়ে ছিল। এ যুগে এমন মেয়ে পাওয়া যায় না। এমন নিষ্পাপ মেয়েডারে সন্ত্রাসীরা মেরে ফেলল। আমি এখন ওর ছোট্ট বাচ্চা দুডোরে কী বলে সান্ত্বনা দেব?’
বুক চাপড়ে কাঁদছিলেন আর বলছিলেন, ‘প্রমোশনের পর বাবুলরা মাগুরায় আসেনি। এবার চট্টগ্রাম থেকে আসার সময় বউমাকে বলেছিলাম ঈদ যেন মাগুরাতে করে। বউমা বলেছিল, বাবা, আমরা মাগুরাতেই ঈদ করব, ইনশা আল্লাহ।’
স্থানীয় লোকজন জানান, মাহমুদা খানমের বাবা মোশাররফ হোসেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিলেন। ২০০১ সালে মাহমুদা মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে পড়ার সময় বাবুল আক্তারের সঙ্গে বিয়ে হয়।
একই অবস্থা আবদুল ওয়াদুদের পৈতৃক বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মদন-গোপালপুর গ্রামে। ঈদ এলেই শ্বশুরের গ্রামের বাড়ি ছুটে যেতেন মাহমুদা।
মাহমুদা খানমের জা রেবেকা সুলতানা বলেন, বাড়ি এলে আত্মীয়স্বজন আর প্রতিবেশীদের সঙ্গে নিয়ে গ্রামে ঘুরতেন মাহমুদা। প্রাণ খুলে মিশতেন সবার সঙ্গে।
আবদুল ওয়াদুদ জানান, মাহমুদার দাফন হবে ঝিনাইদহের শৈলকুপায় গ্রামের বাড়িতে।