শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহ জেলার মানচিত্র

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। উপজেলার দুধসর ইউনিয়নের কুলচারা গ্রামে আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে বজলুর রহমান, সেলিম বিশ্বাস, হুজুর আলী বিশ্বাস, সবুর মিয়া, সোহাগ বিশ্বাস, জাইবার বিশ্বাস, নুজদার আলী বিশ্বাস, আখের আলী, নান্নু বিশ্বাস, রুস্তম আলী, খলিল বিশ্বাস, মোদাচ্ছের আলী, হাকিম বিশ্বাস ও সবেদ আলীর নাম জানা গেছে। তাঁরা সবাই কুলচারা গ্রামের বাসিন্দা।

সোমবার ওই গ্রামের কেদার আলী সঙ্গে মামুদ আলীর জমি কেনাবেচা নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। এর জের ধরে মঙ্গলবার দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

গ্রামবাসী জানান, দীর্ঘদিন ধরে গ্রামের পান্নাফ মোল্লা ও সেলিম বিশ্বাসের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল সোমবার ওই গ্রামের পান্নাফের সমর্থক কেদার আলী সঙ্গে সেলিমের সমর্থক মামুদ আলীর জমি কেনাবেচা নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। এর জের ধরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।