শৈলকুপায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল দুজনের
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে শৈলকুপার চাঁদপুর এলাকায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত দুজন হলেন পিকআপ ভ্যানের চালক পাবনার ভঙ্গুড়া উপজেলার বাসিন্দা বেলাল হোসেন (৩৮) ও চালকের সহকারী সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বাসিন্দা উজ্জ্বল হোসেন (৩২)।
শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় কুমার দেবনাথ প্রথম আলোকে বলেন, রাজশাহীর বাঘা উপজেলা থেকে আম নিয়ে একটি পিকআপ ভ্যান বরিশালের দিকে যাচ্ছিল। ঝিনাইদহের শৈলকুপার চাঁদপুর এলাকায় পৌঁছালে বালুভর্তি একটি ট্রাক পিকআপ ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানের চালক ও চালকের সহকারী গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক এই দুজনকে মৃত ঘোষণা করেন।