শৈলকুপায় নিখোঁজের ১০ দিন পর কৃষকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের ১০ দিন পর মিজানুর রহমান ওরফে মিঠু (৫০) নামের এক কৃষকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার যুগিপাড়া গ্রামের একটি মেহগনি বাগানের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
মিজানুর যুগিপাড়া গ্রামের আজব আলী বিশ্বাসের ছেলে। তিনি কৃষিকাজ করতেন।
মিজানুরকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম জানান, মিজানুর ১ নভেম্বর রাতে খাওয়াদাওয়া শেষে রাত নয়টায় বাড়ি থেকে বের হন। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তাঁর স্ত্রী বিউটি খাতুন ৪ নভেম্বর শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আজ সকালে গ্রামের লোকজন যুগিপাড়া মেহগনি বাগানের ভেতর গলিত লাশ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মিজানুরকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।