শোয়ার ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
গাজীপুরের শ্রীপুরের গিলারচালা গ্রামে শোয়ার ঘর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়। গৃহবধূর স্বামী পলাতক।
নিহত গৃহবধূর নাম আলেয়া আইরিন (২৮)। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার তালতলা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। তাঁর স্বামী উজ্জ্বল মিয়া স্থানীয় গ্রেটওয়াল সিরামিকে চাকরি করেন। আইরিন শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিমেক পোশাক কারখানার কর্মী ছিলেন। তাঁরা দুজন গিলারচালা গ্রামের মো. রতনের বাড়িতে ভাড়া থেকে চাকরি করতেন।
স্থানীয় লোকজন বলেন, আইরিন দুপুরে খাবারের জন্য কর্মস্থল থেকে বাসায় আসেন। এ সময় স্বামী উজ্জ্বল মিয়াও আসেন। একসময় উজ্জ্বল মিয়া বাড়ি থেকে বের হয়ে যান। অফিসে না যাওয়ায় আইরিনের এক সহকর্মী তাঁর খোঁজ নিতে বাসায় যান। পরে তিনি আইরিনকে তাঁর শোয়ার ঘরের বিছানায় নিথর হয়ে পড়ে থাকতে দেখেন। বিষয়টি পুলিশকে জানালে তারা গিয়ে লাশটি উদ্ধার করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।