শৌচাগারে পড়ে যাওয়া মুঠোফোন উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ জেলার মানচিত্র

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় শৌচাগারে মুঠোফোন পড়ে গেলে ট্যাংকের স্লাব তুলে সেটি উদ্ধার করতে গিয়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চককীর্তি ইউনিয়নের লহলামারি গ্রামে এ ঘটনা ঘটে।

তাঁর নাম মো. কামরুজ্জামান (৩৬)। তিনি ওই গ্রামের মো. আবদুলের ছেলে।

চককীর্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হাসান বলেন, সকালে কামরুজ্জামানের স্মার্টফোনটি শৌচাগারের মধ্যে পড়ে যায়। সেটি উদ্ধার করতে ট্যাংকের স্লাব তুলতে গিয়ে ভেতর পড়ে যান তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

কামরুজ্জামানের স্মার্টফোনের কভারের ভেতরে এক হাজার টাকার ছয়টি নোট ছিল বলে জানান তাঁর প্রতিবেশী ও চককীর্তি ইউনিয়ন পরিষদের সদস্য শামীম রেজা। তিনি বলেন, টাকা ও মুঠোফোন উদ্ধারের জন্য শৌচাগারের ট্যাংকের স্লাবটা তুলেছিলেন কামরুজ্জামান। এ সময় ট্যাংকের বিষাক্ত গ্যাসে জ্ঞান হারিয়ে সঙ্গে সঙ্গে ভেতরে পড়ে যান তিনি। ঘটনাটি দেখে পরিবারের সদস্যরা প্রতিবেশীদের সহায়তায় দ্রুত তাঁকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে মারা যান কামরুজ্জামান।

শামীম রেজা আরও বলেন, মা, দুই বোন, স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে যৌথ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন কামরুজ্জামান। তাঁর মৃত্যুতে পরিবারটি বিপদে পড়ল। ওই পরিবারের পাশে সামর্থ্যবানদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এই ইউপি সদস্য।

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।