শৌচাগারে মিলল প্রাণিসম্পদ পরিচালকের ঝুলন্ত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ালিউর রহমান আকন্দ
ছবি: সংগৃহীত

রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক (১৯তম বিসিএস ক্যাডার) ওয়ালিউর রহমান আকন্দের (৫৫) লাশ পাওয়া গেছে শৌচাগারে। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রাণিসম্পদ কার্যালয় ভবনের তৃতীয় তলার শৌচাগারে ঝরনার সঙ্গে গামছা প্যাঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।

ওয়ালিউর রহমান আকন্দের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায়। তাঁর স্ত্রী ও দুই সন্তান বগুড়ায় থাকেন। চাকরি সূত্রে রংপুর জেলা প্রাণিসম্পদ কার্যালয় ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বসবাস করতেন তিনি।

কার্যালয়টির অফিস সহায়ক বদিউজ্জামান বলেন, ‘আজ সকালে স্যারের দেরি দেখে তাঁকে ডাকতে যাই। এ সময় দরজা খোলা ছিল। ভেতরে ঢুকে বাথরুমে ঝরনার সঙ্গে গামছা প্যাঁচানো ঝুলন্ত লাশ দেখে চিৎকার দিই। তাঁর চিৎকার শুনে অন্যরা ছুটে এসে পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশটি উদ্ধার করে।’

রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান প্রথম আলোকে বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে লাশের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।