শৌচাগারের ট্যাংকিতে মিলল তিন সন্তানের জননীর গলাকাটা লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় শৌচাগারের ট্যাংকিতে পাওয়া গেছে তিন সন্তানের এক জননীর গলাকাটা লাশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আধারকোঠা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে টাকা নিয়ে গেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিলুফা বেগম এক মেয়ে ও দুই ছেলের মা। তাঁর মেয়ে প্রিয়াঙ্কার (২২) বিয়ে হয়েছে পাশের আলফাডাঙ্গা উপজেলায়। ইমরান (২০) ও অন্তর (১৮) নামের দুই ছেলে জাহাজে কাজ করেন। আধারকোঠার ওই বাড়িতে নিলুফা একাই থাকতেন। গতকাল সকালে স্থানীয় একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরেন নিলুফা। দুপুরের পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর নিলুফার গলাকাটা লাশ বাড়ির পেছনে টয়লেটের ট্যাংকির মধ্যে পাওয়া যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় গতকাল রাত আটটার দিকে লাশটি উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর বলেন, ওই নারীর লাশ আজ শুক্রবার সকালে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুব দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।