শ্বশুরবাড়িতে প্রবাসীর কোয়ারেন্টিন

প্রবাস থেকে দেশে এসে কয়েক দিন নিজের বাড়িতে ছিলেন। এরপর বেড়াতে যান শ্বশুরবাড়ি। বিষয়টি জানাজানি হলে খবর পান স্বাস্থ্য বিভাগের লোকজন। পরে স্বাস্থ্য বিভাগের কর্মীরা সেখানে গিয়ে ওই প্রবাসীকে শ্বশুরবাড়িতে থেকেই কোয়ারেন্টিনের বাকি দিনগুলো কাটানোর নির্দেশনা দেন। ওই প্রবাসীও বিষয়টি মেনে নিয়ে শ্বশুরবাড়িতে হোম কোয়ারেন্টিনে থাকছেন।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ঘটনা এটি। এ উপজেলায় বতর্মানে হোম কোয়ারেন্টিনে আছেন ১৭ বিদেশফেরত ব্যক্তি। তাঁদের স্থানীয়ভাবে নজরদারিতে রাখা হচ্ছে। এ জন্য আশপাশের লোকজন ও জনপ্রতিনিধিরা সহযোগিতা করছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শ্বশুরবাড়িতে হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তির বাড়ি কুমিল্লায়। তিনি দক্ষিণ কোরিয়া থেকে ৮ মার্চ দেশে আসেন। বিশ্বম্ভরপুরে তাঁর শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন ১৬ মার্চ। এর আগের দিন (১৫ মার্চ) থেকে জেলায় বিদেশফেরত ব্যক্তিদের খোঁজ শুরু করে স্বাস্থ্য বিভাগ। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের লোকজন ওই বাড়িতে গিয়ে প্রবাসীর সঙ্গে কথা বলেন। তাঁকে বিষয়টি বুঝিয়ে বলার পর তিনি নিজেই কোয়ারেন্টিনে থাকতে রাজি হন এবং এখন পর্যন্ত তিনি সেভাবেই আছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, তাঁর উপজেলায় এ পর্যন্ত ১৭ বিদেশফেরত ব্যক্তি হোম কোয়ারেন্টিনে আছেন। এর মধ্যে দু–একজনের মেয়াদ সোমবার শেষ হবে। যিনি তাঁর শ্বশুরবাড়িতে হোম কোয়ারেন্টিনে আছেন, তাঁরও মেয়াদ শেষ হবে সোমবার। এরপর তিনি তাঁর বাড়িতে চলে যেতে পারবেন।
মৌলভীবাজারে পাঁচ প্রবাসীর জরিমানা
কোয়ারেন্টিনের নিয়ম না মানায় মৌলভীবাজারে পাঁচ প্রবাসীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৪ প্রবাসীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাঁরা হোম কোয়ারেন্টিন না মেনে বাড়ির বাইরে বের হয়েছিলেন। গতকাল শনিবার রাতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ চারজন প্রবাসীর মধ্যে তিনজনের বাড়ি শহরতলির জালালিয়া সড়কে ও একজনের বাড়ি শহরের হবিগঞ্জ সড়কে। তাঁরা সৌদি আরব ও কাতার থেকে ১৪ দিনের মধ্যে দেশে আসেন।
কুলাউড়া উপজেলা প্রশাসন জানায়, সিঙ্গাপুরফেরত এক যুবক (২৭) ১৫ মার্চ দেশে ফেরেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জের চৌহালী উপজেলায়। তিনি কোয়ারেন্টিনের শর্ত ভঙ্গ করে কুলাউড়া পৌর শহরের মাগুরা এলাকায় তাঁর এক আত্মীয়ের বাসায় বেড়াতে আসেন। তিনি দু-তিন দিন ধরে শহরের বিভিন্ন স্থানে ঘোরাঘুরিও করছিলেন। খবর পেয়ে গতকাল রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম ফরহাদ চৌধুরী মাগুরা এলাকায় গিয়ে তাঁর সন্ধান পান। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করে তা আদায় করেন। এ সময় তাঁকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়।
ইউএনও এ টি এম ফরহাদ চৌধুরী বলেন, কোয়ারেন্টিনের শর্ত ভঙ্গের দায়ে এ জরিমানা করা হয়।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন প্রতিনিধি, শ্রীমঙ্গল ও জুড়ী, মৌলভীবাজার]