শ্বাসকষ্ট-জ্বর নিয়ে কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের রাজৈর উপজেলা হাসপাতালে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার বেলা একটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মারা যাওয়া কৃষকের বয়স ৬০ বছর।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, এক সপ্তাহ ধরে ঠান্ডা ও জ্বরে ভুগছিলেন ওই কৃষক। শনিবার থেকে তাঁর শ্বাসকষ্ট দেখা দিলে তিনি খুবই অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁর স্বজনেরা রোববার বেলা একটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে আনার আধা ঘণ্টার মধ্যেই তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া ওই কৃষকের জামাতা বলেন, ৭-৮ দিন ধরে তিনি জ্বর ও ঠান্ডায় ভুগছিলেন। পরে শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে রাজৈর উপজেলা হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র মণ্ডল প্রথম আলোকে বলেন, ওই কৃষক কোনো প্রবাসীর সংস্পর্শে আসেননি। তা ছাড়া তাঁর এলাকায় কোনো করোনা রোগীও নেই। তবু পৃথিবীজুড়েই করোনাভাইরাসের মহামারি চলছে। তাঁর করোনাভাইরাসের উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে।