শ্যামনগরে ইট ভাঙা মেশিনের চাপায় শ্রমিক নিহত
সাতক্ষীরার শ্যামনগরে ইট ভাঙা মেশিনের চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সোনার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম হাসান সরদার (২৮)। তিনি একই উপজেলার খ্যাগড়াঘাট গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক বলেন, আজ সকালে অন্য শ্রমিকদের সঙ্গে হাসান সরদার ইট ভাঙা মেশিন নিয়ে বংশীপুরে যাচ্ছিলেন। এ সময় তাঁরা কালীগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কের সোনার মোড় এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত ওই ইট ভাঙা মেশিন থেকে পড়ে যান হাসান। তিনি চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হন।
এরপর তাঁকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার চিকিৎসা কর্মকর্তা হাইকুল ইসলাম তাঁকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মুর্শেদ বলেন, কারও কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে হাসানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।