শ্যামনগরে পটকা মাছ খেয়ে পাঁচজন অসুস্থ, একজনের মৃত্যু
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পটকা মাছ খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে একজন মারা গেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
মৃত ব্যক্তির নাম মতিয়ার রহমান (৪৫)। তিনি শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামের বাসিন্দা। পটকা মাছ খেয়ে অসুস্থ হওয়া সদস্যরা হলেন মতিয়ারের ছেলে সাগর হোসেন (২৫), সাগরের স্ত্রী সিলমি (২০), মতিয়ারের বাড়িতে বেড়াতে আসা আত্মীয় পাতড়াখোলা গ্রামের মমতাজ খাতুন (৩০) ও তাঁর শিশুসন্তান শাহীন (২)।
নিহত ব্যক্তির চাচাতো ভাই আবদুল হান্নান বলেন, আজ দুপুরে রান্না করা পটকা মাছ দিয়ে পরিবারের সদস্য ও আত্মীয়রা একত্রে খাবার খান। বিকেলে দিকে তাঁরা অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তাঁদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মতিয়ার রহমানকে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মাহফুজুর রহমান সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পথিমধ্যে সন্ধ্যা সাতটার দিকে তিনি মারা যান। পরে অসুস্থ অন্য চারজনকেও সাতক্ষীরা মেডিকেলে স্থানান্তর করা হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রিতা রানী পাল বলেন, পটকা মাছ খেয়ে অসুস্থ হয়ে একই পরিবারের পাঁচজনকে সন্ধ্যার একটু আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগ থেকেই তাঁদের মধ্যে মতিয়ার রহমানকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সাতক্ষীরায় পৌঁছানোর আগে পথেই তাঁর মৃত্যু হয়। পরে অন্য চারজনকেও সাতক্ষীরা মেডিকেলে পাঠানো হয়েছে।
শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জি এম শোকর আলী প্রথম আলোকে, তাঁর বাড়ির পাশের একটি পরিবারের পাঁচ সদস্য টেপা (স্থানীয় নাম) মাছ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের মধ্যে একজন মারা গেছেন। অন্যদের নিয়ে শঙ্কা থাকায় চিকিৎসক তাঁদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।