শ্যামনগরে পাউবো বাঁধে ভয়াবহ ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামে পাউবোর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামে পাউবোর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আইলায় ক্ষতিগ্রস্ত দ্বীপ ইউনিয়ন গাবুরায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। কপোতাক্ষ নদের প্রবল স্রোতে ভাঙন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যেকোনো মুহূর্তে ক্ষতিগ্রস্ত স্থান বিলীন হয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

গাবুরা গ্রামের আবদুল আজিজ গাজী জানান, দীর্ঘদিন ধরে কপোতাক্ষ নদের গাবুরা গ্রামের গোলাম চৌকিদারের বাড়ির সামনে পাউবোর ভাঙন দেখা দেয়। এক সপ্তাহ আগে ভাঙন ভয়াবহ আকার ধারণ করে। তারপর থেকে এলাকার মানুষ ভাঙন আতঙ্কে রয়েছে।

গাবুরার ইউপি চেয়ারম্যান আলী আযম বলেন, গাবুরা গ্রামের গোলাপ চৌকিদারে বাড়ি থেকে স্লুইসগেট পর্যন্ত ২৫০ ফুট পাউবোর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে অধিকাংশ স্থান নদীতে ধসে পড়েছে। পাউবো কর্তৃপক্ষকে বারবার বলা সত্ত্বেও তারা কোনো উদ্যোগ নেয়নি। বাঁধ ভেঙে গেলে গাবুরা ও খোলপেটুয়া গ্রাম প্লাবিত হয়ে কমপক্ষে ৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়বে। ভেসে যাবে ৩০০ চিংড়িঘের।

আলী আযম আরও বলেন, পাউবো ও স্থানীয় প্রশাসন কোনো উদ্যোগ না নেওয়ায় তিনি নিজ উদ্যোগে ভাঙনের ৬০-৭০ ফুট দূর দিয়ে রিংবাঁধ (সরু অস্থায়ী বাঁধ) দিচ্ছেন। তিনি আশঙ্কা করছেন, যদি পাউবোর বাঁধ সম্পূর্ণটা ভেঙে যায়, তাহলে রিংবাঁধ গ্রামের পানি ঢোকা বন্ধ করতে পারবে না।

পাউবোর শ্যামনগরের গাবুরা এলাকার শাখা কর্মকর্তা (এসও) নিখিল কুমার দত্ত বলেন, এ বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।