শ্যামনগরে বারুণী পূজা, স্নানোৎসব
সাতক্ষীরার শ্যামনগরে সনাতন ধর্মের অনুসারীদের বারুণী পূজা, স্নানোৎসব ও মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলার সোনারমোড় নামের স্থানে যমুনা নদীর পাড়ে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাগম হয় হাজারো মানুষের।
স্থানীয় বাসিন্দা পরিতোষ কুমার মণ্ডল বলেন, যমুনা নদীর পাড়ে বারুণী পূজা উপলক্ষে বুধবার ভোর থেকে উপজেলার বিভিন্ন এলাকার হাজার হাজার ভক্ত সোনারমোড়ে যমুনা নদীর তীরে অবস্থিত বারুণী ঘাটে এসে স্নান করে পূজা করেন। এ ছাড়া যাঁদের মা–বাবা বা আত্মীয়স্বজন মারা গেছেন, তাঁদের আত্মার শান্তি কামনায় যজ্ঞ করে পিণ্ডদান করেন।
বারুণী পূজা ও বারুণী স্নান উপলক্ষে বসে মেলা। মেলায় বিভিন্ন মিষ্টি, মাটির হাঁড়ি-পাতিল, দা-বঁটি, শীতলপাটি, বাঁশের তৈরি ঝাড়ু, চালুন, কুলা, শাঁখা-সিঁদুর, কাপড়সহ বিভিন্ন পণ্যের দোকান বসে। পূজা ও মেলা পরিদর্শন করেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহ্বায়ক অনাথ মণ্ডল, যুগ্ম আহ্বায়ক সুজন কুমার দাস, হিমাংশু মণ্ডল, সদস্যসচিব উৎপল কুমার মণ্ডল প্রমুখ।
প্রচলিত আছে, গঙ্গাস্নান করে একমনে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করলে ঈশ্বর সব পাপ মোচন করে দেন এবং ঈশ্বরের অপার কৃপা লাভ করা যায়। পুরাণ অনুসারে, চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতভিষা নক্ষত্রযোগ হলে সেই তিথি বারুণী নামে পরিচিত।