শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কলেজছাত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পবিত্র ঈদুল আজহার দিনে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শেখ সৈকত (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে শ্যামনগর গোলাঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত শেখ সৈকত শ্যামনগর উপজেলার  মাজাট অনন্তপুর গ্রামের শেখ নজরুল  ইসলামের ছেলে। তিনি শ্যামনগর শিমু রেজা এমপি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শী মাজাট অনন্তপুর গ্রামের রেজাউল ইসলাম জানান, বুধবার সন্ধ্যার সৈকত কয়েকজন বন্ধুর সঙ্গে মোটরসাইকেল করে বেড়াতে যান। রাতে বাড়ি ফেরার সময় অন্য একটি মোটরসাইকেল পাশ কাটাতে গিয়ে শ্যামনগর-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোলাঘাটা এলাকায় সড়কের পাশে খাদে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) নাজমুল হুদা সড়ক দুর্ঘটনায় সৈকতের মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, সৈকতের বাবা নজরুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতন্ত ছাড়াই সৈকতের লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়।