শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই কারাগারে
নাটোরের নলডাঙ্গায় বিয়ের কথা বলে শ্যালিকাকে (১২) ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুলাভাইকে (২৮) কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শনিবার সকালে নলডাঙ্গা আমলি আদালত অভিযুক্ত ওই যুবককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গতকাল শুক্রবার রাতে অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
নলডাঙ্গা থানা ও আদালত সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার ওই কিশোরী ৯ ফেব্রুয়ারি নলডাঙ্গা উপজেলায় তার খালাতো বোনের বাড়িতে বেড়াতে আসে। এরপর ১৪ ফেব্রুয়ারি দুপুরে ওই কিশোরীর বোন বাড়িতে ছিলেন না। এ সুযোগে ওই কিশোরীর দুলাভাই তাকে অনেক অর্থসম্পদের বিনিময়ে বিয়ে করার কথা বলে ধর্ষণ করেন। ওই দিন রাতেও কৌশলে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরদিন ঘটনা জানাজানি হলে ওই কিশোরী নিজ বাড়িতে গিয়ে তার পরিবারকে ধর্ষণের বিষয়টি জানায়। এরপর গতকাল ওই কিশোরীর বাবা বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে নলডাঙ্গা থানায় মামলা করেন। গতকাল রাতেই পুলিশ অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করে। এরপর আজ সকালে ওই যুবককে আদালতে হাজির করা হলে বিচারক আশরাফুন নাহার তাঁকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওই কিশোরীর বাবা বলেন, তাঁর মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। ৯ ফেব্রুয়ারি সে নলডাঙ্গায় দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। তাঁর মেয়ে নাবালিকা এবং তাকে ভুল বুঝিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চান।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে নাটোর সদর হাসপাতালে নির্যাতনের শিকার ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।