শ্যালিকাকে ধর্ষণের ঘটনা তদন্ত করতে গিয়ে সামনে এল স্ত্রী হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা
প্রতীকী ছবি

সাঁতার জানা স্ত্রী (২২) পুকুরে ডুবে মারা গেছেন—মনে খচখচ নিয়ে স্বামী মশিয়ার রহমান সরদারের এ কথা বিশ্বাস করেছিলেন এলাকার লোকজন। সে অনুযায়ী কোনো আইনি পদক্ষেপ না নিয়ে লাশটি দাফন করা হয়। কিছুদিন পর হত্যার খবর ছড়িয়ে পড়লে তা ধামাচাপা দিতে মশিয়ার ভিন্ন কৌশলের আশ্রয় নেন বলে অভিযোগ।

মশিয়ার স্ত্রীর মৃত্যুর তিন মাস পর শ্যালিকাকে অপহরণ করে বাড়িতে আটকে ধর্ষণ এবং ধর্ষণের ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে শ্বশুরবাড়ির লোকজনের মুখ বন্ধ রাখতে চেয়েছিলেন বলে অভিযোগ। গত ২২ এপ্রিল মশিয়ারের বিরুদ্ধে তাঁর শ্বশুর ছোট মেয়েকে অপহরণ, ধর্ষণ ও ভিডিও করে তা ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে পাইকগাছা থানায় মামলা করেন। ওই দিনই মশিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে কারাগারে আছেন মশিয়ার।

এরপর ৫ মে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে বড় মেয়েকে হত্যার অভিযোগে মশিয়ারের বিরুদ্ধে মামলা করেন তাঁর শ্বশুর। মামলায় মশিয়ার রহমান সরদার, তাঁর বাবা কামরুল সরদার, মা ছানোয়ারা বেগমসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। আজ সোমবার সকালে মামলাটি তদন্তের জন্য লাশ কবর থেকে তোলা হয়। এ সময় এলাকাবাসী মশিউর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে কবরস্থান এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেন।

মশিয়ার রহমানের বাড়ি খুলনার পাইকগাছা উপজেলার কালুয়া গ্রামে। তিনি একজন মৎস্য ব্যবসায়ী।

পরিবার ও এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, সাত বছর আগে প্রেমের সম্পর্ক থেকে পারিবারিকভাবে মশিয়ার ও ওই নারীর বিয়ে হয়। তাঁদের সংসারে চার বছরের এক ছেলেসন্তান আছে। চলতি বছরের ১৮ জানুয়ারি রাতে বাড়ির পাশে পুকুরে পড়ে স্ত্রীর মৃত্যু হয়েছে বলে প্রচার করেন মশিয়ার রহমান সরদার।

আজ কবর থেকে বড় মেয়ের লাশ তোলার সময় বাবা ছিলেন কবরস্থানে। সেখানে তিনি কাঁদতে কাঁদতে বলেন, ঘটনার পর তিনি খবর শুনে বাড়িতে আসেন। তখন এলাকাবাসীর কাছ থেকে মেয়েকে মেরে ফেলা হয়েছে শুনলেও আইনি ঝামেলার ভয়ে তেমন গুরুত্ব দেননি তিনি। পরে ছোট মেয়েকে তুলে নিয়ে তিন দিন আটকে রেখে ধর্ষণ ও ভিডিও ধারণ করার পর আইনের আশ্রয় নেন। ছোট মেয়েকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় তাঁর স্বামী তাঁকে তালাক দিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা পাইকগাছা থানার উপপরিদর্শক (এসআই) তাপস কুমার দত্ত বলেন, মামলা হওয়ার পর আদালত থেকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। আর সুষ্ঠু তদন্তের স্বার্থে ময়নাতদন্তের জন্য লাশ তোলা হচ্ছে।

মশিয়ারদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এলাকাবাসী জানান, মামলা হওয়ার পর সবাই গা ঢাকা দিয়েছেন। তাঁদের পরিবারের সদস্যদের মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।