শ্রদ্ধা-ভালোবাসায় মিহির নন্দীকে বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সংগীতজ্ঞ ওস্তাদ মিহির নন্দীকে (৭২) ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় জানিয়েছেন সর্বস্তরের মানুষ। গতকাল রোববার সকালে চট্টগ্রাম শহীদ মিনারে তাঁর মরদেহে শিল্পী, সাহিত্যিক, রাজনীতিক, শিক্ষক, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা জানান।

ওস্তাদ মিহির নন্দী চট্টগ্রামের একটি হাসপাতালে গত শনিবার রাতে মারা যান। তাঁর মরদেহ গতকাল সকাল ১০টায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শুরু হয়। জাতীয় পতাকায় মোড়ানো মরদেহ সামনে রেখে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। তাঁকে নিয়ে এ সময় স্মৃতিচারণা করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন, কবি-সাংবাদিক আবুল মোমেন, শিল্পী ক্যাপ্টেন আজিজুল ইসলাম, রবীন্দ্রসংগীতশিল্পী শীলা মোমেন, শিল্পী রবিন দে প্রমুখ। স্মৃতিচারণা করতে গিয়ে বক্তারা বলেন, মিহির নন্দী শুদ্ধ সংগীতের চর্চা করতেন। জাতির ক্রান্তিলগ্নে তিনি কণ্ঠস্বর পুঁজি করে মুক্তির আন্দোলনে গিয়েছিলেন। সংস্কৃতিচর্চায় তাঁর অবদান মুছে ফেলা যাবে না। তাঁর শূন্যস্থানও পূরণ হওয়ার নয়।

শ্রদ্ধা জানানো শেষে তাঁর মরদেহ নেওয়া হয় বলুয়ার দিঘি মহাশ্মশানে। সেখানেই তাঁকে দাহ করা হয়।