শ্রমজীবীদের জন্য বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে বগুড়ায় মিছিল–সমাবেশ
বাংলাদেশের অর্থনীতির বিকাশের স্বার্থে শ্রমজীবী মানুষের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের বগুড়া জেলা শাখা। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) ৯ দফা বাস্তবায়নে আসছে বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে বগুড়ায় এক বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানায় সংগঠনটি।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের সাতমাথা এলাকায় এ সমাবেশ করে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বগুড়া জেলা শাখা। জেলা কমিটির সভাপতি সাইফুজ্জামান টুটুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক সুরেশ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, দপ্তর সম্পাদক শ্যামল বর্মন, প্রচার সম্পাদক সানোয়ার বাবু প্রমুখ।
সাইফুজ্জামান টুটুল বলেন, গত দুই বছরের করোনা পরিস্থিতিতে দেশের ৬ কোটি ৩৫ লাখ শ্রমিকের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। নিত্যপণ্য বিশেষ করে খাদ্য ও ওষুধের মূল্যবৃদ্ধি, বাসাভাড়া, গাড়িভাড়া, সন্তানের শিক্ষার খরচ বৃদ্ধি শ্রমজীবীদের জীবনে বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে। শ্রমিকদের ক্রয়ক্ষমতা কমে গেলে তা অর্থনীতিতেও বিরূপ প্রভাব সৃষ্টি করবে। এ প্রভাব ঠেকাতে শ্রমজীবী মানুষের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ দিতে হবে।
সাইফুজ্জামান আরও বলেন, শ্রমিকদের রেশন, আবাসন ব্যবস্থা ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করা, কর্মজীবী নারীদের শ্রমঘন এলাকায় হোস্টেল নির্মাণ, বয়স্ক শ্রমিকদের জন্য পেনশন প্রথা চালু, মুনাফালোভী বাজার সিন্ডিকেট ভেঙে ফেলাসহ স্কপের ৯ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। এতে দেশের অর্থনীতি গতিশীল হবে।
চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লামাগহীন ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করে সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বলেন, করোনা মহামারিকালে মানুষ চাকরি হারিয়েছেন, আয় কমেছে; এমন অবস্থায় আকাশচুম্বী দ্রব্যমূল্যের কশাঘাতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। সরকার বাজার নিয়ন্ত্রণে শুধু ব্যর্থই নয়, মুনাফালোভী বাজার সিন্ডিকেটকেও প্রশ্রয় দিচ্ছে।
মাসুদ পারভেজ আরও বলেন, শ্রমজীবী সাধারণ মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বেসরকারি বাণিজ্য বন্ধ করে রাষ্ট্রীয় বাণিজ্য বৃদ্ধি, বাজার মনিটরিং জোরদার করা, মুনাফাখোর সিন্ডিকেট ভেঙে ফেলা, মজুতদার ও আড়তদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, টিসিবির পণ্য বিক্রির ট্রাকের সংখ্যা বৃদ্ধি, গ্রাম পর্যন্ত ওএমএসের বিক্রি সম্প্রসারিত করা এবং গ্রাম-শহরের শ্রমজীবী জনগণের জন্য আর্মি রেটে পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।
সমাবেশে বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, জীবনযাপনের ব্যয় বেড়ে যাওয়ায় শ্রমিকদের প্রকৃত মজুরি কমে যাচ্ছে এবং জীবনমানের মারাত্মক অবনতি হচ্ছে। শ্রমিকদের মজুরির মান ধরে রাখতে এবং তাঁদের পুষ্টি নিশ্চিত করতে রেশনিংয়ের মাধ্যমে নিত্যপণ্য সরবরাহ করতে হবে। আয়বৈষম্য কমিয়ে একটি দীর্ঘস্থায়ী স্থিতিশীল শিল্প সম্পর্ক গড়ে তোলার জন্য জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণারও দাবি জানান তাঁরা।