বগুড়ার আদমদীঘি উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক রাশেদুল ইসলামের নামে প্রায় সোয়া সাত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সাড়ে চার কোটি টাকা সম্পদের তথ্য গোপন করার অভিযোগে আরও একটি মামলা হয়েছে। সান্তাহার বাফার গুদামের আলোচিত সার কেলেঙ্কারির ঘটনায় রোববার দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়ার সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক রবীন্দ্রনাথ চাকী এই মামলা করেন।
রাশেদুল আদমদীঘি উপজেলার বাসিন্দা। তিনি বাফার সান্তাহার গুদামে ট্রাক থেকে সার ওঠানামার কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন।
মামলাটির বাদী ও দুদকের সহকারী পরিচালক রবীন্দ্রনাথ চাকী বলেন, রাশেদুল যে সম্পদ বিবরণী দাখিল করেছেন, দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, সেখানে তিনি ৪ কোটি ৫৫ লাখ ১৪ হাজার ৯৪২ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এ ছাড়া তাঁর দেওয়া তথ্য ও দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে, তিনি ৭ কোটি ২০ লাখ ৯৭ হাজার ৭৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
শ্রমিক লীগের নেতা রাশেদুলের নামে দুদকের আরও দুটি মামলা আদালতে বিচারাধীন। এসব মামলায় গত ১০ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করলে বগুড়ার সিনিয়র স্পেশাল জজ নরেশ চন্দ্র সরকার তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকে রাশেদুল কারাগারে।
সান্তাহার বাফার গুদামে সরবরাহ না করেই বিপুল পরিমাণ সার লোপাট নিয়ে ২০১৭ সালের ৭ এপ্রিল প্রথম আলোয় ‘২০ কোটি টাকার সার গেল কই’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এরপর দুদক অনুসন্ধানে নামে। দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মাধ্যমে বিদেশ থেকে আমদানি করা সার সান্তাহার বাফার গুদামে সরবরাহ না করে তা কালোবাজারে বিক্রির পর নথি উইপোকায় খেয়েছে বলে চালিয়ে দেওয়া হয়।
এই ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাউথ ডেল্টা শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেডের নির্বাহী পরিচালক মশিউর রহমান খান, গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নবীর উদ্দিন খান, গুদামের সহকারী হিসাব কর্মকর্তা মাসুদুর রহমান এবং মালামাল ওঠানামা কাজের ঠিকাদার ও শ্রমিক লীগের নেতা রাশেদুল ইসলামের নামে ২০১৭ সালে ২ অক্টোবর মামলা করা হয়। দুদক বগুড়ার সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় ১১ কোটি ৪৮ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৪ হাজার ১৬১ মেট্রিক টন সার গুদাম থেকে কালোবাজারে বিক্রির অভিযোগ করা হয়। মামলাটির তদন্ত শেষে ২০১৯ সালের ৩০ অক্টোবর মাসুদুর রহমানকে বাদ দিয়ে অন্যদের নামে অভিযোগপত্র দেয় দুদক।
দুদকের বগুড়া আদালতের আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, মাসুদুরসহ চারজনের নামে ২০১৮ সালের ৩১ অক্টোবর দুদক বগুড়ার সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে ১৫৩ কোটি ৩৬ লাখ টাকা মূল্যের প্রায় ৫২ হাজার ৩৪২ মেট্রিক টন সরকারি সার কালোবাজারে বিক্রি ও আত্মসাতের অভিযোগে আরেকটি মামলা করেন। বর্তমানে দুটি মামলা স্পেশাল জজ আদালতে বিচারাধীন।
দুটি মামলা তদন্ত করতে গিয়ে দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে, সান্তাহার বাফার গুদামের সাবেক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মো. নবীর উদ্দিন খান ও তাঁর স্ত্রী মোহছীনা বেগম অবৈধভাবে বিপুল বিত্তবৈভব গড়েছেন। সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠানোর পর গরমিল পাওয়ায় নবীর উদ্দিন ও তাঁর স্ত্রীর নামে গত ১ ডিসেম্বর প্রায় ৫ কোটি ৩৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক আরও একটি মামলা করে। তাঁদের বাড়ি নওগাঁর রানীনগরের ধোপাপাড়া গ্রামে। হাইকোর্ট থেকে জামিন নেওয়ার পর নবীর উদ্দিন পলাতক আছেন।