শ্রমের হাটে অপেক্ষা বাড়ছে আতিয়ার-ফরিদাদের

খুলনা শহরের সাতরাস্তা মোড়ে এবং শহরের ময়লাপোতা মোড়ের দিনমজুরদের হাট বসে প্রতিদিন। তবে জেলায় শ্রমের বাজারে তেমন কাজ নেই। করোনার পর থেকেই কাজ কমেছে। আজ শুক্রবার সকালে ময়লাপোতা মোড়েছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কাজ-কাম নাই বললিই চলে। সংসার খুব ধিক ধিক করে চলতেছে। শুধু হইচই আর তাল-তামাশা। নুন আনতি ঝাল নাই, ঝাল আনতি তেল নাই। তেল আনতি চাল নাই। চাল আনলি আবার কাঠ-গ্যাস কিনতি হবে। মাথা খারাপের পর খারাপ—এ রকম অবস্থা। শহরের কেউ কোনো দিন শুনলও না কেরাম আছি।’

কথাগুলো আতিয়ার গাজীর (৪৫)। তাঁর গ্রামের বাড়ি খুলনার দাকোপ উপজেলার নলিয়ানে। ২৩ বছর ধরে খুলনা শহরে আছেন তিনি। প্রতিদিন শ্রম বিক্রি করে চলে তাঁর সংসার। ভোটারও হয়েছেন শহরে। তবে জীবনযাপনের ব্যয় বেড়ে যাওয়ায় শহরের আবাস ছেড়ে রূপসা নদীর ওপারে বসবাস শুরু করেছেন। তাতে ব্যয় কিছুটা কমেছে বটে, তবে সংসারের টানাপোড়েন আগের মতোই আছে।

সাতক্ষীরার তালা থেকে কয়েক বছর আগে খুলনা এসেছেন আবুল হোসেন (৫০)। নগরের চানমারী বাজারে পরিবার নিয়ে থাকেন। পাঁচ দিন ধরে শ্রম বিক্রি করতে পারছেন না তিনি। প্রতিদিন দেনা বাড়ছে, ভর করছে দুশ্চিন্তা।

খুলনার শ্রমের বাজারে তেমন কাজ নেই। করোনার পর থেকেই কাজ কমেছে। আর রোজার শুরুর পর কাজে শ্রমিক নেওয়ার প্রবণতা আরও কমেছে। তবু খুলনা শহরের সাতরাস্তা মোড়ে প্রতিদিনই জমে আতিয়ার, আবুল কিংবা ফরিদা বেগমদের ভিড়। আজ শুক্রবার সকালে সেখানেই কথা হয় তাঁদের সঙ্গে। কেউ নদীভাঙন আর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে খুলনায় এসেছেন, কারও ফসলি জমি নেই, কেউ এসেছেন গ্রামে কাজ না পেয়ে। কেউবা এসেছেন আরেকটু ভালো থাকার আশায়। একই অবস্থা দেখা গেছে শহরের ময়লাপোতা মোড়ের দিনমজুরদের হাটেও।

প্রতিদিন সকালে এই দুই জায়গায় বড় পরিসরে বসে শ্রমের হাট। এখানে আসার আগেও শ্রমিকেরা জানেন না, কাজ মিলবে কি না। এ হাটে শ্রম বিক্রি করতে আসা বেশির ভাগ মানুষের বাড়ি দক্ষিণের উপজেলাগুলোতে। খুলনার কয়রা, দাকোপ, পাইকগাছা, বাগেরহাটের রামপাল, মোরেলগঞ্জ, সাতক্ষীরার শ্যামনগর, তালা এবং আশাশুনির লোকই এ বাজারে বেশি। তবে এখন শহরেই থাকছেন সবাই। কেউ একা, কেউ পরিবার নিয়ে। ইট ভাঙা, নির্মাণকাজ, রাজমিস্ত্রি, রাজমিস্ত্রির সহকারী, কাঠমিস্ত্রি, টাইলস মিস্ত্রি, বস্তা টানা, মাটি কাটা, গাছ কাটা থেকে শুরু করে এমন কোনো কাজ নেই, যা তাঁরা করেন না। শ্রমের হাটে নারী শ্রমিকের উপস্থিতিও একবারে কম নয়। নারীরা মূলত রাজমিস্ত্রির সহকারীর কাজ করেন।

‘আমাগে আর দিন। মাসে ১০-১৫ দিন কাজ হয়। ঘরভাড়া, বাজার খরচ দিয়ে চলে না। বাকি সময় বইসে থাকি।
আবু সাইদ, শ্রমিক

সকাল ছয়টা থেকে শ্রমিকেরা জড়ো হতে শুরু করেন। সাতটার মধ্যে অপেক্ষমাণ দিনমজুরের সংখ্যা শতাধিক হয়। ব্যাগ, খাবারের পোঁটলা, কোদাল, টুকরিসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে শ্রমিকেরা অপেক্ষায় থাকেন। পথচারীরা তাঁদের সামনে দিয়ে যাওয়ার সময় ঘিরে ধরেন কাজ পাওয়ার আশায়। শ্রমিক নিতে আসা মানুষ দিনের হিসাবে মজুরি ঠিক করেন। মিস্ত্রি শ্রেণির শ্রমিকদের প্রতিদিনের মজুরি ৮০০ টাকা আর সাধারণ শ্রমিকদের মজুরি ৬০০ টাকা। সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাজ। মাঝে দুপুরে এক ঘণ্টা খাওয়ার বিরতি। তবে মালিকের সঙ্গে এর চেয়ে কমেও চুক্তি হয়। শ্রমিকেরা একা, কখনো দলবদ্ধ হয়েও কাজে যান।

নারী শ্রমিক ফরিদা বেগম বলেন, ‘মাসখানেক ধরে কোনো কাজ নেই। প্রতিদিন আসি আর ফিরে যাই। ছেলেরা কাজ করে; তাতে চলে না। আমি কাজ পেলে একটু ভালো হয়। অপেক্ষা করতে থাকি, দেখি আজ কী হয়।’

প্রমত্তা শিবসার পেটে চলে গেছে খোকন গাজীর ভিটামাটি। শহরে এসেও প্রতিদিন কাজ না পাওয়ায় হতাশ হয়ে বললেন, দু-তিন দিন কাজ হয় না। সাতজনের সংসার। সংসারে প্রতিবন্ধী তিনজন। একার রোজগারে সাতটা মুখ চালাতে হয়। কীভাবে যে চলতেছে, কী কষ্ট যে হচ্ছে, তা ওপরওয়ালাই ভালো জানে।

সকাল ছয়টা থেকে শ্রমিকেরা জড়ো হতে শুরু করেন। সাতটার মধ্যে অপেক্ষমাণ দিনমজুরের সংখ্যা শতাধিক হয়। আজ শুক্রবার সকালে খুলনার সাতরাস্তা মোড়ে
ছবি: প্রথম আলো

হতাশার একই চিত্র ময়লাপোতা মোড়ের শ্রমিকের হাটেও। সেখানে অপেক্ষমাণ আবু সাইদ আক্ষেপ আর হতাশা নিয়ে বলছিলেন, ‘আমাগে আর দিন। মাসে ১০-১৫ দিন কাজ হয়। ঘরভাড়া, বাজার খরচ দিয়ে চলে না। বাকি সময় বইসে থাকি। না খাইয়েও দিন কাটে। অনেক দিন এক বেলা খাইয়ে দুই বেলা না খাইয়ে থাকি।’

কয়রার মহারাজপুর গ্রামের আবদুস সালাম গল্লামারীর একটি বাসায় থাকেন। খান মেসে। তিনি বলেন, গ্রামে কাজ নেই। আবার টাকা কম। বাকি তো আছেই। তবে শহরে করোনার পর থেকে কাজ তেমন মেলে না। আগে যা আয় করেছেন, এখন অর্ধেক হয়ে গেছে। আগে মাসে ১০ হাজার টাকা আয় হতো, তা থেকে ৭ হাজার টাকা গ্রামের বাড়িতে পাঠাতেন, ৩ হাজার টাকা নিজের খরচ হতো। এখন ছয় হাজার টাকাও আয় করতে পারছেন না। নিজে কী খাবেন, আর বাড়িতেই-বা কী পাঠাবেন, সেটি নিয়েই তাঁর দুশ্চিন্তা।

চাঁদা নিয়ে বিরক্তি

ময়লাপোতা মোড়ে এক ব্যক্তি শ্রমিকদের ডেকে ডেকে পরিচয়পত্র দিচ্ছিলেন। সেখানে কাজের জন্য দাঁড়াতে হলে এই পরিচয়পত্র লাগে। পরিচয়পত্রটি ঢাকার তোপখানার ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (আনসাব) নামের সংগঠনের। সংগঠনের খুলনা সদরের সহকারী সাংগঠনিক সম্পাদক পরিচয় দেওয়া হুমায়ুন কবীর বলেন, এখান থেকে কার্ড ছাড়া কেউ কাজে যেতে পারবেন না। প্রায় ৯৫০ জন কার্ডধারী শ্রমিক আছেন। কাজ করতে গিয়ে কেউ বিপদে পড়লে তাঁরা শ্রমিকদের দেখেন, সমস্যার সমাধান করেন। কার্ড না থাকলে যদি তাঁরা বিপদে পড়েন, দেখবে কে—প্রশ্ন হুমায়ুনের।

শ্রমিকেরা অভিযোগ করেন, তাঁরা কোনো সুবিধা পান না। মাসে ২০ টাকা করে তাঁদের দিতে হয়। আর বছরে ৫০০ টাকায় কার্ড নবায়ন করতে হয়। শ্রমিকেরা অভিযোগ শুরু করলে সেখানে আসেন সংগঠনের খুলনা সদরের সাধারণ সম্পাদক মো. বাবুল মল্লিক। তিনি বলেন, ‘ওরা অযথা কথা বলছে। বিপদে পড়লে দেখি। তবে দরখাস্ত না দিলে সমস্যার কথা জানব কী করে।’