শ্রম-ঘামে বদলে গেল জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরের বারান্দায় সেলাই মেশিনে কাজ করছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার জাকিয়া বেগম। সম্প্রতি রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের করিলাবাড়ি গ্রামে।  ছবি: প্রথম আলো
ঘরের বারান্দায় সেলাই মেশিনে কাজ করছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার জাকিয়া বেগম। সম্প্রতি রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের করিলাবাড়ি গ্রামে। ছবি: প্রথম আলো
>এই গল্প প্রত্যন্ত এলাকার এক দম্পতির। স্বামী ছিলেন দিনমজুর। আর স্ত্রী সাধারণ গৃহিণী। শুধু পরিশ্রম আর চেষ্টার কারণে তাঁরা আজ সচ্ছল গৃহস্থ।

সংসারে অভাব লেগেই থাকত। দুবেলা ভালো খাবার জুটত না। সংসারের অভাব দূর করতে সেলাই প্রশিক্ষণ নিয়েছেন। সেখানেও এসেছে বাধা। এ রকম নানা বাধা পেরিয়ে চেষ্টা আর পরিশ্রম দিয়ে ভাগ্য বদল করেছেন গৃহবধূ জাকিয়া বেগম। এ কাজে তাঁর পাশে ছিলেন স্বামী আবদুস সালাম। দারিদ্র্যকে জয় করে তাঁরা এখন
সচ্ছল গৃহস্থ।
এই দম্পতির বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের করিলাবাড়ি গ্রামে। বিয়ের সময় তাঁর স্বামীর বাড়িতে খড়ের ঘর ছিল। এখন তাঁরা থাকেন টিনের ঘরে।
গত শুক্রবার সকাল সাড়ে ১০টা করিলাবাড়ি গ্রামে গিয়ে দেখা যায়, আবদুস সালামের ঘরের বারান্দা দুটি সেলাই মেশিন বসানো। একটিতে কাজ করছেন তাঁর স্ত্রী জাকিয়া বেগম, অন্যটিতে তাঁদের এক নাতনি। তাঁদের ঘিরে দাঁড়িয়ে আছেন নানা বয়সী পাঁচ-ছয়জন নারী। তাঁরা এসেছেন তৈরি করতে দেওয়া কাপড় নিতে। এলাকার বউ-ঝিয়েরা তাঁর কাছ থেকে ছিটকাপড় কিনে তাঁকে দিয়েই প্রয়োজনীয় পোশাক তৈরি করে নেন। এমনকি স্কুল-কলেজে পড়ুয়া ছাত্রীরাও তাঁর কাছে আসে পোশাক তৈরি করতে।
জীবনযুদ্ধে জয়ী হওয়ার গল্প জানতে চাইলে জাকিয়া বেগম (৪৮) বলেন, ‘তখন প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। মা–বাবার অভাবের সংসার। ভাইবোন নয়জন। ঠিকমতো ভাতই জোটে না, পড়ালেখা হবে কীভাবে? একদিন কিছু বুঝে ওঠার আগেই বসতে হলো বিয়ের পিঁড়িতে। দিনমজুর স্বামীর বাড়িতে এসে দেখলাম ছনের ঘর। মেনে নিলাম আর ভাবতে শুরু করলাম কীভাবে এ জীবন বদল করা যায়। স্বামী দিনমজুরি করে যে টাকা আয় করেন তা দিয়ে ঠিকমতো সংসার চলে না। সবচেয়ে বড় কথা, সারা বছর একইভাবে হাতে কাজ থাকে না। ফলে যখন কাজ থাকে না তখন খেয়ে না–খেয়ে দিন পার করতে হতো। এর মধ্যেই ঘরে এল দুই মেয়ে আর এক ছেলে। অভাবের মাত্রা শুধুই বাড়ছে। শেষে স্বামীর সঙ্গে কথা বলে বাড়ির বাইরে এলাম। ভর্তি হলাম একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সেলাই মেশিন প্রশিক্ষণকেন্দ্রে। পাশাপাশি ছিটকাপড়ের ব্যবসা শুরু করলাম। লাভ ভালোই হতে থাকল। কিন্তু গ্রাম্য মাতবরেরা বিষয়টিকে ভালোভাবে নেননি। তাঁরা নানা ধরনের কথা বলেন আমাকে নিয়ে। তবে স্বামী আর পরিবারের লোকজন ঠিক থাকায় তাঁরা খুব বেশি সুবিধা করতে পারেননি।
জাকিয়া বেগম তাঁর ভাগ্য বদলের বিষয়ে বলেন, নিয়ম করে সপ্তাহে এক দিন কখনো দুই দিন মোকামে যেতে হয়। জেলার উল্লাপাড়া, শাহজাদপুর ও টাঙ্গাইলের করটিয়া থেকে কাপড় কিনে আনেন তিনি। এ ক্ষেত্রে মহাজনেরা তাঁকে সহায়তাও করেন। ফলে অল্পদিনেই তাঁর ব্যবসা জমে ওঠে। এর মধ্যেই সেলাই মেশিন একটি থেকে বেড়ে দুটি হলো। কাজের চাপ দিন দিন বাড়ছেই।
জাকিয়ার বড় মেয়ে রত্না খাতুন ও ছোট মেয়ে সাবিনা খাতুনের বিয়ে হয়ে গেছে। একমাত্র ছেলে হাসান আলী রায়গঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে দ্বাদশ শ্রেণির ছাত্র। নিজের ভিটায় ছনের ঘরের পরিবর্তে টিনের ঘর হয়েছে, সঙ্গে ইটের দেয়াল। সেই ঘরে আছে ফ্রিজ, টেলিভিশন, গ্যাসের চুলাসহ প্রয়োজনীয় প্রায় সবকিছুই। গোয়ালে চার লাখ টাকা দামের চারটি গাভি। প্রতিদিন প্রায় ১২ লিটার দুধ পাওয়া যায়। রয়েছে ছাগল ও মুরগি। পুকুরে আছে নানা ধরনের মাছ। পাশের পলাশতলা বাজারে ১২ শতক জমি কিনেছেন। সেখানে দোকানঘর তুলে ভাড়া দিয়েছেন। মাঠে কিছু জমি কিনেছেন। বর্গা রেখেছেন আরও এক বিঘা জমি।
পরিশ্রম করলে যে সফল হওয়া যায় তাঁর উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আশপাশের নারীরা তাঁর কাছে আসেন তাঁর ভাগ্য বদলের গল্প শুনতে। পাশের বাড়ির দুজন নারী বলেন, অনেক কষ্ট আর কথা শুনে জাকিয়া আজকের জায়গায় এসেছে। সামাজিক প্রতিবন্ধকতা ঠেলে সামনে গিয়ে জাকিয়া প্রমাণ করেছে, ইচ্ছা থাকলে অনেক কিছু হয়।
জাকিয়া বেগমের স্বামী আবদুস সালাম বলেন, ‘আমরা খুবই সাধারণ মানুষ। দুই বেলা দুই মুঠো ভাত খাওয়ার জন্য অনেক কষ্ট করেছি জীবনে। শেষে স্ত্রীর সঙ্গে পরামর্শ করেই তাঁকে বাইরে যেতে দিই। সমাজের লোকজন নানা ধরনের কথা বললেও আমাদের দমাতে পারেনি। ফলে অভাব জয় করে এখন আমরা ভালোই আছি।
ধানগড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আল আমিন বলেন, স্বামী-স্ত্রী যৌথভাবে চেষ্টা করলে সংসারে আর অভাব থাকবে না, এটা তিনি প্রমাণ করেছেন।
রায়গঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি দাশ বলেন, উপজেলায় জাকিয়া বেগমদের সংখ্যা যত বাড়বে, উপজেলার সার্বিক উন্নয়ন তত ত্বরান্বিত হবে।