শ্রীনগরে ট্রাকচাপায় প্রাণ গেল সাবেক সেনা কর্মকর্তার
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও পাকা সেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মোক্তার হোসেন (৫০) ভাগ্যকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দারোগাবাড়ির বাসিন্দা। গত বছর তিনি সেনাবাহিনীর সার্জেন্ট পদ থেকে অবসর নেন।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মোক্তার হোসেন মোটরসাইকেলে করে উপজেলার আল-আমিন বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় কামারগাঁও পাকা সেতুতে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ইটবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোক্তার হোসেনের মৃত্যু হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন পরিদর্শক মো. মাহফুজ রিবেন জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে শ্রীনগর থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শ্রীনগর থানার উপপরিদর্শক তন্ময় মণ্ডল প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক।