শ্রীনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ভাগ্যকুল এলাকায় শ্রীনগর-দোহার সড়কে ওই ছাত্রীর সহপাঠী ও বিদ্যালয়ের অন্য ছাত্রছাত্রীরা এ কর্মসূচি পালন করে।
খোঁজ নিয়ে জানা যায়, আজ সকালে শতাধিক স্কুলশিক্ষার্থী সড়কে নেমে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে অভিযুক্ত আইয়ুব খার (৫০) ফাঁসির দাবি জানায়। এতে একপর্যায়ে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় লোকজন এসে শিক্ষার্থীদের বুঝিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে নেন।
এর আগে গত ২৮ মার্চ দুপুরে আইয়ুব খা নামের এক ব্যক্তির বিরুদ্ধে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। আইয়ুব খা শ্রীনগর উপজেলার বাসিন্দা। এ ঘটনায় ৩১ মার্চ দিবাগত রাতে ওই ছাত্রীর পরিবার আইয়ুবকে একমাত্র আসামি করে শ্রীনগর থানায় মামলা করেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২৮ মার্চ দুপুরে আইয়ুব ওই ছাত্রীকে বাড়ির পাশের নির্জন স্থানে নিয়ে যান। এরপর তিনি ওই ছাত্রীকে মেরে ফেলার ভয় দেখিয়ে ধর্ষণ করেন। এ বিষয়ে মুখ খুললে তার মা–বাবাকেও মেরে ফেলার ভয় দেখান তিনি। ঘটনার পর ভয়ে ওই ছাত্রী বিষয়টি গোপন রেখেছিল। তবে ওই ছাত্রীর কিছু অস্বাভাবিক আচরণ দেখে পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে তাঁরা জিজ্ঞাসা করলে ৩০ মার্চ ওই ছাত্রী ধর্ষণের বিষয়টি পরিবারকে জানায়। পর দিন ৩১ মার্চ অভিযুক্ত আইয়ুবকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান বলেন, অভিযুক্ত আইয়ুবকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল শুক্রবার আইয়ুবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।