শ্রীপুর পৌরসভা নির্বাচনে এখনো প্রার্থী দিতে পারেনি বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৩ ডিসেম্বর। অথচ এখনো প্রার্থী ঠিক করতে পারেনি বিএনপি। সম্ভাব্য প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় বিষয়টি জেলা কমিটি সুরাহা করবে বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির। এই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আনিসুর রহমান।

এই পৌরসভায় ২৮ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ৯ ডিসেম্বর বিএনপির মনোনীত মেয়র প্রার্থীর মৃত্যুর কারণে মেয়র পদে নির্বাচন স্থগিত হয়। পরে ১৪ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে নতুন তারিখ ঘোষণা করেন।

সে অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি ভোট হওয়ার কথা। গণবিজ্ঞপ্তি অনুযায়ী ২৩ ডিসেম্বর কেবল মেয়র পদে নতুন প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। বৈধ প্রার্থী বাছাই হবে ২৪ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

মেয়র পদে বিএনপি থেকে প্রার্থী দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আগেরবার সবার সিদ্ধান্তে পৌর বিএনপি সাধারণ সম্পাদক শহিদুল্লাহ শহিদ এই পৌরসভায় বিএনপির প্রার্থী ছিলেন। তাঁর মৃত্যু হওয়ার পর এখন সম্ভাব্য প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৯। তাঁদের মধ্যে আছেন প্রয়াত শহিদুল্লাহ শহিদের বড় ভাই শাহ আলম। শ্রীপুর পৌর বিএনপির সভাপতি কাজী খান ও গাজীপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেনের নামও শোনা যাচ্ছে।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির গতকাল রোববার প্রথম আলোকে বলেন, নতুন করে প্রার্থী দেওয়ার বিষয়ে বিএনপির নেতা-কর্মীদের নিয়ে তিনি গত বৃহস্পতিবার বসেছিলেন। আগ্রহী প্রার্থীর সংখ্যা অনেক হওয়ায় সেদিন কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। তাই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির জেলা কমিটি। শিগগির কোনো একটি সিদ্ধান্ত আসতে পারে।

গতকাল রাতে জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হকের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘প্রার্থী মোটামুটি চূড়ান্ত। তবে পার্টি থেকে যতক্ষণ চূড়ান্ত ঘোষণা না দেয়, ততক্ষণ আমরা এ বিষয়ে কিছু বলতে পারি না।’

এই পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী হিসেবে লড়ছেন বর্তমান মেয়র আনিসুর রহমান। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে এখন আছেন ইসলামী শাসনতন্ত্রের ফরহাদ আমমেদ মমতাজী। সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী সংখ্যা ৪৯। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী আছেন ১১ জন। রিটার্নিং কর্মকর্তার জারি করা গণবিজ্ঞপ্তি অনুযায়ী, কেবল মেয়র পদে নতুন করে কেউ প্রার্থী হলে মনোনয়ন দাখিল করতে পারবেন। যাঁরা ইতিমধ্যে মনোনয়ন দাখিল করেছেন, তাঁদের আর নতুন করে তা করতে হবে না।