শ্রীপুর পৌরসভায় বিএনপির মনোনয়ন পেলেন কাজী খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী খান

গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে পৌর বিএনপির সভাপতি কাজী খান দলীয় মনোনয়ন পেয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে কেন্দ্র থেকে তাঁর মনোনয়ন চূড়ান্ত করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

এ পৌরসভা নির্বাচনে ২৮ ডিসেম্বর ভোট নেওয়ার কথা ছিল। কিন্তু ৯ ডিসেম্বর বিএনপির প্রার্থী শহিদুল্লাহ শহিদ মারা যান। এ কারণে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরে ১৬ জানুয়ারি ভোট নেওয়ার দিন ধার্য করা হয়। মেয়র পদে ২৩ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার নতুন দিন নির্ধারণ করা হয়।

আনিছুর রহমান

জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল জানান, শ্রীপুর পৌরসভা নির্বাচনে উপজেলা বিএনপির পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থীদের নাম জেলা কমিটিতে পাঠানো হয়। সেখান থেকে তা কেন্দ্রে পাঠানো হয়। আজ দুপুরে দলের প্রধান কার্যালয় থেকে কাজী খানকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী দলটির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান। তিনি এ পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে টানা তৃতীয়বারের মতো মেয়রের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ইসলামী শাসনতন্ত্রের ফরহাদ আমমেদ মমতাজীও এখানে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন ৪৯ জন। সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ১১ জন।